রোগের মতো বর্ণবাদকেও রুখতে হবে: স্টার্লিং
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ১২:০০ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০২:১৩
করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই বর্ণবাদবিরোধী প্রতিবাদ সমাবেশ চলছে যুক্তরাষ্ট্রে। পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা এ আন্দোলনে অকুণ্ঠ সমর্থন জোগাচ্ছে ক্রীড়াঙ্গন। এবার আন্দোলনকারীদের সঙ্গে পাশে দাঁড়ালেন ম্যানসিটির ইংলিশ তারকা রাহিম স্টার্লিং। তার মতে, করোনাভাইরাসের চেয়েও বর্ণবাদ বেশি ভয়ংকর।
গত সোমবার বিসিবির সঙ্গে এক সাক্ষাৎকারে স্টার্লিং বলেন, 'এই মুহূর্তে একমাত্র রোগ হচ্ছে বর্ণবাদ, আমরা যার বিরুদ্ধে লড়াই করছি। করোনাভাইরাসের মতো আমরা এটাকেও রুখে দিতে চাই। প্রতিবাদকারীরা এই কাজটাই করছে। তারা এই অবিচার বন্ধ করার পথ খুঁজছে এবং এসবের বিরুদ্ধে লড়াই করছে।' তবে এই প্রতিবাদের ধ্বংসাত্মক রূপ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।
তবে স্টার্লিং এসবকে পাত্তা দিতে রাজি নন, 'এখন পর্যন্ত তারা কিন্তু শান্তিপূর্ণ উপায়েই কাজটা করছে। নিরাপদ দূরত্ব বজায় রাখছেন, কাউকে আহত করেনি, এমনকি কোনো স্টোরও তারা ভাঙচুর করেনি।'
যুক্তরাষ্ট্রে দাবানলের মতো ছড়িয়ে পড়া 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের আঁচ ব্রিটেনেও লেগেছে। লন্ডনসহ ব্রিনেটের অন্যান্য শহরেও এই আন্দোলনে শামিল হয়েছেন। স্টার্লিংকে প্রশ্ন করা হয়েছিল, একজন ফুটবলার হিসেবে এসব নিয়ে কথা বলা আরও বেশি কঠিন কিনা।
২৫ বছর বয়সী এ তারকা এসব ধর্তব্যের মধ্যেই আনছেন না, 'আসলে যখন এসব (বর্ণবাদ) বিষয় ঘটে তখন কাজ (ফুটবল খেলা) নিয়ে ভাবা যায় না। কোনটা সঠিক, আমি কেবল সেটা ভেবেছি। শত শত বছর ধরে এসব চলে আসছে। মানুষ এসব বন্ধের চেষ্টা করছে। আমার মনে হয়, এখন মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমি আমার কাজের জায়গায় এই প্রতিবাদ চালিয়ে যাব। '