ইংল্যান্ড সফরের জন্য ২৯ জনের দল পাকিস্তানের
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০২:৫৯
তিন টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সূচি অনুযায়ী, ৩০ জুলাই প্রথমে শুরু হবে টেস্ট সিরিজ। ওই দুই সিরিজের জন্য ২৯ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
দলে রাখা হয়েছে কিছু রিজার্ভ ক্রিকেটারও। ইংল্যান্ড সফরের জন্য দেশ ছাড়ার আগে ২০ ও ২৫ জুন হবে সর্বশেষ কভিড-১৯ টেস্ট। কেউ যদি ওই টেস্ট পার করতে না পারেন তবে রিজার্ভ থেকে জায়গা পূরণ করা হবে।
ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন ৩৬ বছর বয়সী পেসার সোহেল খান। এছাড়া সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ খেলা হায়দার আলীকে দলে রাখা হয়েছে। অভিষেকের অপেক্ষায় থাকা কাসিফ ভাট্টি আছেন ইংল্যান্ড সফরের দলেও।
ইংল্যান্ড সফরের বড় বহরে আছেন ফাহিম আশরাফ, ফাহাদ আলম, ইমরান খান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ এবং ওয়াহব রিয়াজ। এছাড়া রিজার্ভ হিসেবে রাখা হয়েছে বেলাল আসিফ, ইমরান বাট, মুসা খান এবং মোহাম্মদ নেওয়াজকে। তবে ব্যক্তিগত কারণে মোহাম্মদ আমির এবং হ্যারিস সোহেল ইংল্যান্ড সফরে যাচ্ছেন না।
পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ উল হক বলেন, ‘ক্রিকেটাররা অনেকদিন খেলার মধ্যে নেই। ইংল্যান্ড সফর তাই আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে সেখানে মাঠে নামার আগে আমরা প্রায় এক মাস থাকবো। অনুশীলন করে ঘাটতি মিটিয়ে নিতে পারবো। এছাড়া কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিতে পারবো। ইংল্যান্ডে সফল হতে পারে এমন বিবেচনা মাথায় রেখেই দল দিয়েছেন নির্বাচকরা।’
পাকিস্তানের ঘোষিত দল: আবিদ আলী, ফখর জামান, ইমাম উল হক, শান মাহমুদ, আজহার আলী, বাবর আযম, আসাদ শফিক, ফাহাদ আলম, হায়দার আলী, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রেজওয়ান, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শেনওয়ারি, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, কাসিফ বাট, শাদাব খান, ইয়াসির শাহ।