আকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন যে ক্রিকেটার
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৩:৫২
পাকিস্তান ক্রিকেটে ফিক্সিংয়ের দাগ অনেক আগে থেকে। একটা সময় নিয়মিতই তাদের নিয়ে এমন খবর বের হতো। এখন কিছুটা কমলেও পুরোনো নানা চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে।
ঠিক এবার যেমন সাবেক পাকিস্তানি তারকা আকিব জাভেদ বলে দিলেন জুয়াড়ির নাম। তাও আবার তার স্বদেশি ক্রিকেটার, যে কিনা তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন।
পাকিস্তানের একটি নিউজ চ্যানেলকে আকিব জাভেদ জানিয়েছেন, সেলিম পারভেজ নামে এক প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। জাভেদের দাবি, এই সেলিম পারভেজই জুয়াড়িদের মধ্যস্থতাকারী হিসেবে ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটার টোপ দিতেন।
জাভেদের ভাষ্য, 'ক্রিকেটারদের হাতে বিলাসবহুল গাড়ি এবং লাখ লাখ টাকা তুলে দেওয়া হতো। আমাকেও ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। হুমকিও দেওয়া হয়েছিল, যদি প্রস্তাবে রাজি না হই, তাহলে আমার ক্যারিয়ার শেষ করে দেওয়া হবে। সেলিম বাকিদেরও এমন প্রস্তাব দিতেন।'
তবে জাভেদ ছিলেন অনড়। ফিক্সিংয়ে জড়াবেন না বলে রীতিমতো পণ করেছিলেন তিনি। সেজন্য আবার শাস্তি পেতে হয় তাকে। তিনি জানান, ম্যাচ ফিক্সিংয়ে জড়াব না বলে প্রথম থেকেই সিদ্ধান্ত নিই। এ জন্য আমাকে খেসারতও দিতে হয়েছিল।
ফিক্সিংয়ে রাজি না হওয়ায় সিরিজ থেকেই বাদ পড়ি। শুধু তাই নয়, আমাকে যারা সমর্থন করে কথা বলতেন, তাদেরও বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়। ফিক্সিংয়ে রাজি না হওয়ায় দল থেকে বাদ পড়লেও আমার কোনো আফসোস হয়নি।
- বিষয় :
- পাকিস্তান
- ম্যাচ ফিক্সিং
- আকিব জাভেদ
- খেলা
- ক্রিকেট