ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শোয়েবের বিপক্ষে পা কাঁপত শচীনের, খোঁচা আফ্রিদির

শোয়েবের বিপক্ষে পা কাঁপত শচীনের, খোঁচা আফ্রিদির
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৫:০৪

শোয়েব আখতারের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের পা কাঁপা নিয়ে মুখরোচক গল্প কম নেই। তার মধ্যে অন্যতম শচীন টেন্ডুলকারের ভয় পাওয়ার বিষয়টি। বাতাসে ঘুরে বেড়ানো সেই গল্প নিজের বইয়েও জায়গা দিয়েছেন শোয়েব আখতার। ২০১১ সালে ‘কন্ট্রোভার্সিয়ালি ইওরস’ বইতে লিখেছেন, শচীন তাকে খেলতে ভয় পেতেন।

সেই সময় শহীদ আফ্রিদি আবার সমর্থন করেছিলেন শোয়েবকে। তিনি মাঠে থেকে বিষয়টি দেখেছেন বলেও মন্তব্য করেছিলেন, ‘স্কোয়ার লেগে ফিল্ডিংয়ের সময় আমি দেখেছি শোয়েবকে খেলার সময়ে শচীনের পা কাঁপত।’ এবার আবার পুরনো কথার পুনরাবৃত্তি করলেন আফ্রিদি।

পাকিস্তানের সাংবাদিক জয়নাব আব্বাসের সঙ্গে আলাপে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, ‘শচীন তো আর স্বীকার করবে না যে তিনি ভয় পেতেন। শুধু শচীন কেন, বিশ্বের অনেক ব্যাটসম্যানই শোয়েবের কিছু স্পেলে ভয় পেতেন। মিড অফে, কভারে ফিল্ডিংয়ের সময়ে সেটা বুঝতে পারতাম। ক্রিকেটারদের শরীরি ভাষা দেখলেই তা বোঝা যায়।’

এরপর তিনি বলেন, ‘শোয়েবের সব স্পেলে শচীন ভয় পেত, সেই দাবি করছি না। তবে শোয়েবের কিছু স্পেল ছিল যা  শচীনসহ অনেক ব্যাটসম্যানকেই ব্যাকফুটে ঠেলে দিত। এছাড়া স্পিনার সাঈদ আজমলকেও শুরুতে ভয় পেয়েছিলেন শচীন।’

এর আগে আফ্রিদি ভারতকে খোঁচা দিয়ে মন্তব্য করেন, পাকিস্তান আগে ভারতকে অহরহ হারাত। নিয়মিত হারের স্বাদ পাওয়া ভারত তাই পাকিস্তানের কাছে দয়া ভিক্ষা চাইত। আফ্রিদির ওই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। আফ্রিদির সময়ে দু’দলের পরিসংখ্যান তুলে ধরে বুঝিয়ে দিয়েছেন ভিত্তিহীন মন্তব্য করেছেন সাবেক পাকিস্তান অলরাউন্ডার।

আরও পড়ুন

×