নিয়ম ভেঙে বাদ জোফরা আর্চার
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৩:১২
দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ডের দলে ছিলেন জোফরা আর্চার। জেমস অ্যান্ডারসন-মার্ক উডের মতো পেসারকে বিশ্রাম দিয়ে তাকে দলে রাখা হয়েছিল। কিন্তু জোফরা আর্চার করোনার কারণে ক্রিকেটারদের যে নিয়ম-নীতি মেনে চলতে বলা হয়েছে তা ভঙ্গ করেছেন। ওল্ড ট্রাফোর্ডে তাই দ্বিতীয় টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে দল থেকে বাদ দেওয়া হয়েছে জোফরা আর্চারকে।
তাকে এখন পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। এই পাঁচ দিনে দু'বার করোনা পরীক্ষা হবে আর্চারের। ওই পরীক্ষায় নেগেটিভ আসলেই আবার দলে যোগ দিতে পারবেন তিনি। বিষয়টি ইসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আর্চারকে নিয়ে এমন তাৎক্ষনিক সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্টও।
ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেওয়া আর্চার ক্রিকেটারদের সুরক্ষা নীতি ভেঙে বাদ পড়ায় দুঃখ প্রকাশ করেছেন, 'আমি যে ভুল করেছি তার জন্য খুবই দুঃখিত। আমি শুধু আমাকে নয়, পুরো দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছি। আমি আমার ভুলের সকল দায়ভার নিজের কাঁধে নিচ্ছি এবং দলের সকালের কাছে নিয়ম ভাঙায় ক্ষমা চাচ্ছি।'
ওল্ড ট্রাফোর্ড টেস্ট দিয়ে দলে ফিরছেন ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুট। তাকে জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন জো ডেনলি। এছাড়া দুই পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উডকে বিশ্রাম দেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের ১৩ জনের দল থেকে জোফরা আর্চারও ছিটকে যাওয়ায় স্টুয়ার্ড ব্রডের ফেরার পথ সহজ হয়ে গেল।