ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হাজার কোটি টাকা থাকলে বিপিএলে আসা উচিত: সামির কাদের

হাজার কোটি টাকা থাকলে বিপিএলে আসা উচিত: সামির কাদের
×

চিটাগং কিংসের স্বত্তাধিকারী সামির কাদের চৌধুরী।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ১৯:৪৬

গত বিপিএলে চট্টগ্রাম কিংসের স্বত্তাধিকারী সামির কাদের চৌধুরীর মতে, যাদের হাজার হাজার কোটি টাকা আছে তাদের বিপিএলে আসা উচিত। তার অতো টাকা নাই। তবে বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে। সোমবার সংবাদ মাধ্যমকে ডেকে এসব কথা বলেন তিনি। 

সম্প্রতি বিপিএলের বকেয়া অর্থ চেয়ে সামির কাদেরকে লিগ্যাল নোটিস দিয়েছে বিসিবি। এর প্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডাকেন তিনি। সেখানে দাবি করেন, বিপিএল থেকে তাকে লিগ্যাল নোটিস দিলেও তাকে আলোচনার জন্য ডাকছে না বিসিবি। এছাড়া তার কাছে পাওনা বাবদ যে ৪৬ কোটি টাকা চাওয়া হয়েছে তা মন গড়া। 

তিনি বলেন, ‘মাস খানেক আগে আমাকে লিগ্যাল নোটিস দেওয়া হয়। এরপর থেকে আমি বিসিবির কাছে এপোয়েনমেন্ট চাচ্ছি। সমাধান করার চেষ্টা করছি। কয়েক মাস ধরেই আমি চেষ্টা করে যাচ্ছি বোর্ডের সঙ্গে বসে সমাধান করার। কিন্তু বোর্ড থেকে সেভাবে পাড়া পাচ্ছি না।’  

বোর্ডের পাওনার বিষয়ে তিনি বলেন, ‘৪৬ কোটি টাকার কথা বাজারে (প্রচার করা হচ্ছে) ঘুরছে। জানি না এই অঙ্কটা কোথা থেকে এলো। না আমার কাছে, না বোর্ডের কাছে সঠিক কোন ফিগার আছে। ওনারাই (বোর্ড) যেহেতু সঠিক অঙ্ক জানেন না, আমার জানার কথা কীভাবে? আমার সঙ্গে বোর্ড সমাধান করছে না।’ 

চিটাগং কিংস সর্বশেষ বিপিএলের রানার্স আপ। টুর্নামেন্টে অংশগ্রহণ ফি। রানার্স আপ ফি বাবদ বোর্ডের থেকে টাকা পাওয়ার কথা চিটাগংয়ের। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্তাধিকারী জানিয়েছেন, পাওয়া ওই অর্থ বোর্ড নিজেদের মতো করে বিভিন্ন পাওনাদারকে শোধ করছে। এ বিষয়ে তাদের কোন গাইডলাইন তারা অনুসরণ করছেন না। 

বিপিএলে অংশ নিতে হাজার কোটি টাকা থাকতে হবে। তার অতো অর্থ নেই বললেও সামির কাদের জানান, এখনো তার বিপিএলে অংশ নেওয়ার ইচ্ছে আছে। সেজন্য তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে বসে কথা বলছেন। বকেয়া বিষয়ে বিসিবির কথা বসে সমাধানের চেষ্টা করছেন। দেশের এই ব্যবসায়ী জানান, আগামী বিপিএলে অংশগ্রহণ ফি কেমন হবে, রেভিনিউ কেমন শেয়ার দেওয়া হবে এসবের ওপর নির্ভর করে বিপিএলে থাকবেন কিনা সিদ্ধান্ত নেবেন তিনি। 

আরও পড়ুন

×