ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ এর পর ১৭, মেয়েদের আরও এক সাফ চ্যালেঞ্জ

২০ এর পর ১৭, মেয়েদের আরও এক সাফ চ্যালেঞ্জ
×

অনূর্ধ্ব-১৭ দলের সাফ নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ২১:৪৭ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ | ২১:৪৭

গত জুন-জুলাইয়ে জাতীয় নারী ফুটবল দল খেলেছিল এশিয়ান কাপ বাছাইপর্ব। মিয়ানমারে গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপের টিকিট কেটেছেন ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনরা। 

এরপর ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। সেই টুর্নামেন্টের পর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলে পিটার বাটলারের দল। সেখানেও সফল হয়ে বয়সভিত্তিক এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছেন আফঈদা-স্বপ্না রানীরা। 

এবার অনূর্ধ্ব-১৭ বয়সী মেয়েদের সাফ চ্যালেঞ্জ। ২০-৩১ আগস্ট ভুটানে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এই সাফে ট্রফি জয়ের আশা বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্ট খেলতে আজ ঢাকা ছাড়ার কথা দলটির। ২০ আগস্ট থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে সন্ধ্যা ৬টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশের ম্যাচ সূচি
তারিখ    প্রতিপক্ষ    সময়
২০ আগস্ট    ভুটান    সন্ধ্যা ৬টা
২২ আগস্ট    ভারত    বিকেল ৩টা
২৪ আগস্ট    নেপাল    সন্ধ্যা ৬টা
২৭ আগস্ট    নেপাল    বিকেল ৩টা
২৯ আগস্ট    ভুটান    বিকেল ৩টা
৩১ আগস্ট    ভারত    বিকেল ৩টা
*সব ম্যাচ হবে থিম্পুতে

চার দলের সাফ চ্যাম্পিয়নশিপে নেই সেমিফাইনাল-ফাইনাল। প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দল হবে চ্যাম্পিয়ন। ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী সাফে ছিল না ভারত। তবে বয়সভিত্তিক পর্যায়ে ভারত ছাড়াও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ নেপাল।

বাংলাদেশের সাফের এই দলে রয়েছে নতুন আট ফুটবলার, যারা কিনা আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের অপেক্ষায়। তারা হলো রিয়া, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনী চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন। এই দলে আছে সিনিয়র দলে অভিষেক হওয়া ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। তবে দলটির অধিনায়ক করা হয়েছে অর্পিতাকে। বাকি ১৫ জনের সাফের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে।

নারী দলের প্রধান কোচ পিটার বাটলার অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টেরও কোচ ছিলেন। লাওস থেকে তিনি ইংল্যান্ডে ছুটি কাটাতে চলে গেছেন। তাই কিশোরী সাফে বাংলাদেশের ডাগ আউটে দাঁড়াবেন মাহবুবুর রহমান লিটু।

বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাফ জয়ের প্রত্যাশার কথা শুনিয়েছেন লিটু, ‘আমরা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। আশা করি, এবারও ভালো কিছু প্রত্যাশার। সবাই দোয়া করবেন।’ 

এই টুর্নামেন্টে ভারত আছে বলে তাদের নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন বলে জানান লিটু, ‘আমরা তাদের নিয়ে নীলনকশা করেছি এবং তাদের হারানোর লক্ষ্য থাকবে আমাদের। আমরা একটি করে ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা করেছি এবং আশা করি, সফল হব।’

আরও পড়ুন

×