করোনার কারণে এবার ব্যালন ডি অর দেওয়া হবে না
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ২০ জুলাই ২০২০ | ২১:৪৫
মাঝে তিন মাস সময় পুরোপুরি বন্ধ থাকার পর আবারও মাঠে ফিরেছে ফুটবল। তবে ক্লাব ফুটবল চললেও আন্তর্জাতিক ফুটবল এখনও অপেক্ষায়। তারপরও যেটুকু খেলা চলছে, সেখানেও বিশেষ ব্যবস্থা হিসেবে নানা নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
সবমিলিয়ে ফুটবলের চলতি মৌসুমটি আগেরগুলোর মতো স্বাভাবিক অবস্থায় নেই। বিশেষ অবস্থায় চলা ফুটবলের ওপর ভিত্তি করে সেরাদের সেরা বাছাই ন্যায্য হবে না বলে ধারণা গ্রুপ এলইকুইপের। যে কারণে তাদের আয়োজনে অনুষ্ঠিত ফুটবলের মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি অর এ বছর আর দেওয়া হবে না। ১৯৫৬ সালে শুরু হওয়া পুরস্কারটি এবারই প্রথম বাতিল করা হলো।
ব্যালন ডি অর পুরস্কার প্রদানের কাজ করা ফ্রান্স ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ প্যাসকেল পেরি এক বিবৃতিতে বলেন, '২০২০ সালে কোনো ব্যালন ডি অর পুরস্কার থাকছে না। গভীর চিন্তা-ভাবনার পর এটিই সিদ্ধান্ত হয়েছে, এ বছর পুরস্কারের সব শর্ত পূরণ হচ্ছে না।'
ফ্রান্সের লিগ ওয়ানসহ কয়েকটি দেশের লিগ বাতিল হয়ে যাওয়া, পাঁচজন বদলি খেলোয়াড়ের ব্যবস্থা, দর্শকবিহীন গ্যালারির সামনে খেলা, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট সিঙ্গেল লেগ হয়ে যাওয়ার কারণগুলোকে শর্ত অসম্পূর্ণের কারণ হিসেবে উদাহরণ টেনেছে কর্তৃপক্ষ।
তাদের মতে, 'সব পুরস্কারপ্রত্যাশীকে এক পাল্লায় মাপা যাচ্ছে না। কারণ, কারও কারও খেলার সুযোগই কম হয়ে গেছে। এমন অবস্থায় একটি ন্যায্য তুলনা আমরা কীভাবে করব? মাত্রাতিরিক্ত অনুমান ও পূর্বাভাস বিবেচনার চেয়ে সবচেয়ে কম খারাপ পথটিই আমরা অবলম্বন করলাম।' বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার এবং সেরা তরুণ ও সেরা গোলরক্ষকের পুরস্কার না দিলেও জুরিরা বছরের সেরা একাদশ বাছাই করবেন বলে জানিয়েছে ব্যালন ডি অর কর্তৃপক্ষ।
- বিষয় :
- ব্যালন ডি অর
- দেওয়া হবে না
- করোনার কারণে
- ফুটবল