ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

বাস্তববাদী জেমি ডে স্বপ্ন দেখাচ্ছেন

বাস্তববাদী জেমি ডে স্বপ্ন দেখাচ্ছেন
×

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে-ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ২৮ জুলাই ২০২০ | ০১:২৫

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ চার ম্যাচের তিনটিই হোম গ্রাউন্ডে। প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও ওমান। বাকি ম্যাচটি কাতারে গিয়ে খেলবে লাল-সবুজের দলটি। ৮ অক্টোবর সিলেটে আফগানদের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা। একই ভেন্যুতে হবে ঘরের মাঠে বাকি দুই ম্যাচও। শক্তি ও র‌্যাংকিংয়ের বিবেচনায় সবাই বাংলাদেশের চেয়ে এগিয়ে; কিন্তু হোম গ্রাউন্ডে ম্যাচ বলেই কিনা আশার রেণু ওড়াচ্ছেন সমর্থকরা।

তাদের সঙ্গে ফুটবলাররাও যোগ দিয়েছেন, বলছেন জয়ের কথা। ৭ আগস্ট গাজীপুরের সারাহ রিসোর্টে শুরু হবে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। সেই ক্যাম্পের জন্য রোববার ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা কোচ জেমি ডেও দেখাচ্ছেন স্বপ্ন। শুধু ঘরের মাঠই নয়, চার ম্যাচের সবই জিততে চান তিনি। জয়ের কথা বললেও পা কিন্তু মাটিতেই রাখছেন ব্রিটিশ এ কোচ। দল ঘোষণার পর গতকাল অনলাইন সংবাদ সম্মেলনে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জেমি বলেন, 'বিশ্বকাপ বাছাইয়ে আমাদের চারটি ম্যাচ বাকি আছে। আমি চাই সবক'টিই জিততে। তবে বাস্তবতা হলো, যদি চার ম্যাচ থেকে চার পয়েন্টও পাই, তাহলে আমি খুবই খুশি হবো।'

আগস্টের প্রথম সপ্তাহে ক্যাম্প শুরু হলেও জেমি আসবেন মধ্য আগস্টে। করোনাভাইরাসের কারণে এবার ভিন্ন একটি প্রেক্ষাপটে অনুশীলন করবেন মাসুক মিয়া জনি-নাবিব নেওয়াজ জীবনরা। জেমির কাছে অগ্রাধিকার পাচ্ছে ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষা, 'করোনাভাইরাসের কারণে এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছি আমরা। ক্যাম্পে সবার আগে অগ্রাধিকার হলো সবার স্বাস্থ্য সুরক্ষা। প্রথম কয়েক সপ্তাহ নিরাপদে থেকে আমাদের অনুশীলন করতে হবে।

আসলে ভাইরাসের কারণে এবার তো সবকিছুতেই পরিবর্তন আনতে হবে। সামাজিক দূরত্ব মেনে প্রথমে ছোট ছোট গ্রুপে অনুশীলন করব আমরা। দুই সপ্তাহ পর দলগত অনুশীলন শুরু করব। ক্যাম্পে খেলোয়াড়রা স্বাস্থ্যবিধি মেনে চললে আশা করি সবাই সুস্থ থাকবে।' পাঁচ মাসের মতো হলো খেলার বাইরে ফুটবলাররা। ঘরবন্দি থাকায় সবার ফিটনেস লেভেলটাও কমে গেছে।

ফুটবলারদের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন থাকলেও ক্যাম্প শুরুর পর তা কাটিয়ে উঠবে বলে বিশ্বাস জেমির। ক্যাম্পে সব খেলোয়াড়কে পাওয়া নিয়ে সংশয় আছে। কারণ অক্টোবরে বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচ আছে। সেপ্টেম্বরে তারা অনুশীলন শুরু করবে। আর প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া বেশিরভাগ খেলোয়াড় বসুন্ধরা কিংসের। একসঙ্গে ক্যাম্প হলে কিংস তাদের খেলোয়াড়দের ছাড়তে চাইবে না। তবে বসুন্ধরার কোচের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে বলে জানান জেমি।

আরও পড়ুন

×