ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাবরের ব্যর্থ প্রত্যাবর্তন, পাকিস্তানের বড় হার

বাবরের ব্যর্থ প্রত্যাবর্তন, পাকিস্তানের বড় হার
×

ছবি- এপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ১১:৩৭

প্রায় দশ মাস পর পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফেরাটা সুখকর হলো না বাবর আজমের জন্য। তার ব্যর্থতার দিনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। রেজা হেনড্রিকসের হাফ সেঞ্চুরি এবং কর্বিন বশের ক্যারিয়ার সেরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা।

রাওয়ালপিন্ডিতে ১৯৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব (৩৭) ও মোহাম্মদ নাওয়াজ (৩৬) কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিদের ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ইনিংস। দীর্ঘদিন পর দলে ফেরা বাবর আজম রানের খাতা খোলার আগেই (২ বলে ০) কর্বিন বশের শিকার হন। শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট হয় মাত্র ১৩৯ রানে। প্রোটিয়া পেসার কর্বিন বশ মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা উড়ন্ত সূচনা পায়। কুইন্টন ডি কক (২৩) ও রেজা হেনড্রিকস পাওয়ার প্লেতেই ঝড় তোলেন। হেনড্রিকস ৪০ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। এছাড়া টনি ডি জর্জি (১৬ বলে ৩৩) ও জর্জ লিন্ডের (২২ বলে ৩৬) ক্যামিও ইনিংসে ভর করে প্রোটিয়ারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ ৩টি এবং সাইম আইয়ুব ২টি উইকেট নেন। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন

×