ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কেইনকে থামানোর চ্যালেঞ্জ গানারদের

কেইনকে থামানোর চ্যালেঞ্জ গানারদের
×

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামছে বায়ার্ন-আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ২০:২৯

আবার উত্তর লন্ডনে ফিরছেন হ্যারি কেইন, পুরোনো শত্রু আর্সেনালের সঙ্গে লড়াই করার জন্য। এবার তিনি সেখানে যাচ্ছেন ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা অবস্থায়। বায়ার্নে তাঁর ভূমিকাটাও কিছুটা বদলেছে। আগের চেয়ে এখন একটু নিচে নেমে খেলেন তিনি। যে কারণে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন।

আজ ঘরের মাঠে টটেনহ্যামের সাবেক এই স্ট্রাইকারকে আটকানোই আর্সেনালের মূল চ্যালেঞ্জ। আর টটেনহ্যাম যাচ্ছে প্যারিসে, পিএসজিকে মোকাবিলা করতে।

হ্যারি কেইন সবসময়ই ধারাবাহিক পারফরমার ছিলেন। টটেনহ্যামে থাকার সময় ক্লাব কোন শিরোপা জিততে না পারলেও তিনি নিয়মিত গোল করে গেছেন। বায়ার্নে যাওয়ার পর কেইন আরও শানিত হয়েছেন। অনেকের মতে, ইংল্যান্ড অধিনায়ক এখন পূর্ণাঙ্গ খেলোয়াড়। নিয়মিত গোল করার পাশাপাশি সৃষ্টিশীল ভূমিকা পালন, এমনকি রক্ষণেও ভূমিকা রাখেন তিনি।

এবার বায়ার্নের দুর্দান্ত শুরুর পেছনে অন্যতম কারিগর ৩২ বছর বয়সী এ তারকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১৭টি জয় ও ১টি ড্র করেছে বায়ার্ন। প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ অবদান ছিল কেইনের। আর্সেনালের বিপক্ষেও কেইনের সাফল্যের ইতিহাস রয়েছে।

গানারদের বিপক্ষে ২১ ম্যাচে গোল করেছেন ১৫টি। আজও গানারদের দুর্ভেদ্য রক্ষণ দেয়াল ভাঙতে তিনিই জার্মান জায়ান্টদের মূল অস্ত্র। চলতি মৌসুমে বায়ার্নের হয়ে ১৮ ম্যাচে ২৪ গোল করেছেন কেইন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচে করেছেন ৫ গোল।

আর্সেনালও দারুণ ফর্মে আছে, বিশেষ করে তাদের রক্ষণ। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালই একমাত্র দল, যারা এখনও গোল হজম করেনি। প্রিমিয়ার লিগেও মিকেল আর্তেতার দল মাত্র ৬ গোল হজম করেছে, যা ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে সবচেয়ে কম।

এই রক্ষণ দেয়াল কী ভাঙতে পারবেন কেইন! চলতি মৌসুমে কেইন একটু নিচে নেমে খেলায় বেশি সফল হচ্ছেন। জামাল মুসিয়ালা চোটে পড়ার পর থেকেই বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁকে। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য এ দায়িত্ব উপভোগ করছেন, ‘আমি জানি যে এখন আমি শুধু একজন গোল স্কোরার নই। পাস দিয়ে, রক্ষণে ভূমিকা রেখে অন্যদের ওপর থেকে চাপ কমানোর কাজও করতে হচ্ছে। এভাবেই খেলাটাকে আমি বেশি উপভোগ করছি। কারণ, এখন আমি খেলায় অনেক বেশি জড়িত হচ্ছি। এভাবে খেলতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে ট্যাকল করতে তো আমার দারুণ লাগে।’

তবে আজ আরও বাড়তি দায়িত্ব নিতে হবে কেইনকে। পিএসজির বিপক্ষে আশরাফ হাকিমিকে বিপজ্জনক ফাউল করে লাল কার্ড পাওয়ায় আক্রমণভাগে কেইনের জুটি লুইস দিয়াজ তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।  

আরও পড়ুন

×