বেল ম্যানসিটির বিপক্ষে খেলতে চায়নি: জিদান
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ০০:৩২
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের সঙ্গে কথা বলেন না গ্যারেথ বেল। তাদের মুখ দেখাদেখি নেই। এই যখন খবর তখন জিদান দিলেন নতুন তথ্য। বেলকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে জিদান রাখেননি এই তথ্যটাই সব না। বরং সিটির বিপক্ষে খেলতে চাননি বেল। এমনটাই জানিয়েছেন রিয়াল বস।
গ্যারেথ বেল এক মৌসুম আগে লিভারপুলের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করেছিলেন। অথচ দুই বছর পরে রিয়ালের মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে দলে নেই তিনি। ম্যানসিটির বিপক্ষে রিয়াল ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন। সেখানে আছেন নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারা সের্গিও রামোসও। কিন্তু দলে জায়গা পাননি বেল ও জেমস রদ্রিগেজ।
এ নিয়ে জিদান বলেন, ‘বিষয়টি আমি পরে পরিষ্কার করবো। কারণ অনেক কথাই বলার আছে। এখন শুধু বলতে চাই, খেলোয়াড় এবং কোচের মধ্যে সম্মানের সম্পর্ক আমাদের। সে ম্যানসিটির বিপক্ষে খেলতে চায়নি। বাকি বিষয় আমরা দু’জনে ঠিক করেছি।’
চলতি মৌসুমে জিদানের দলে ব্রাতা হয়ে পড়েছেন বেল। লকডাউন পরবর্তী লিগে সেটা আরও প্রকট হয়েছে। জিদান তার অনেক ব্যাখ্যাও দিয়েছেন। নতুন করে কিছু বলতে চান না। তবে রিয়ালের ফুটবলার হিসেবে বেলের প্রতি পূর্ণ সম্মান আছে জিদানের। রিয়ালের সঙ্গে আরও দুই বছরের চুক্তি আছে ওয়েলস ম্যানের।
এ নিয়ে জিদান বলেন, ‘বেল আগামী ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। এখন আমাদের মনোযোগ ম্যানসিটির বিপক্ষে ম্যাচে। বেলকে নিয়ে অনেক প্রশ্নেরই জবাব দিয়েছি। বাকিটা কোচ এবং খেলোয়াড়ের ভেতরের বিষয়। এর বেশি কিছু আমি আপনাদের বলবো না।’
- বিষয় :
- রিয়াল-ম্যানসিটি
- বেল খেলতে চাননি
- খেলা
- ফুটবল