বল খাওয়ায় আউট করেননি পুরান, রিটায়ার্ড আউট ব্যাটার
ম্যাক্স হোল্ডেনের ব্যাটিংয়ের একটি দৃশ্য। ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ১৮:০৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ | ১৮:১২
সোস্যাল মিডিয়ায় খুঁজলেই ক্রিকেট নিয়ে একটি মজার ভিডিও পাওয়া যাবে। ক্রিজে থাকা ব্যাটার রান করতে পারছেন না। এমন সময় তাকে রান আউট বা স্টাম্পিং করার সুযোগ এসেছে। কিন্তু ফিল্ডিং দল তাকে আউট করছে না। বরং মজা করে বলছে- আউট করার দরকার নেই। আরও বল খাক।
মজার এই ভিডিও’র মতোই ঘটনা ঘটেছে আন্তর্জাতিক লিগ টি-২০তে। ডেজার্ট ভায়পার্সের টপ অর্ডার ব্যাটার ম্যাক্স হোল্ডেন শেষ দিকে দলের চাহিদা মিটিয়ে রান করতে পারছিলেন না। ব্যাটিং অর্ডারে মারকুটে ব্যাটার ছিলেন।
এমন সময় তিনি ডাউট দ্য উইকেটে এসে বল মিস করলেও মুম্বাই ইমিরেটসের উইকেটরক্ষক নিকোলাস পুরান তাকে স্টাম্পিং করেননি। পরের বলেও শট খেলতে ব্যর্থ হয়ে হোল্ডেন রিটায়ার্ড হার্ট আউট হয়ে মাঠ ছাড়েন।
মঙ্গলবার ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম ইনিংসে। ১৬তম ওভারে রশিদ খান বোলিংয়ে আসেন। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ডট খেলেন হোল্ডেন। পঞ্চম বলে দুই রান নেন। পরের বলে উইকেট ছেড়ে শট খেলতে এসে মিস করেন। স্টাম্পিং না করায় বলটি ওয়াইড হয়। পরের বলে ডট খেলে হোল্ডেন মাঠ ছেড়ে চলে যান।
ক্রিজে এসে সিমরন হেটমায়ার ও ড্যান লওরেন্স যথাক্রমে ৯ ও ৮ বল খেলে ১৫ করে রান যোগ করেন। ভায়পার্স শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান যোগ করে। জবাবে মুম্বাই ইমিরেটস ৯ উইকেটে ১৫৮ রানে আটকে ১ রানে হেরেছে। হোল্ডেন এখন বলতেই পারেন- স্টাম্পিং না করে ওয়াইড মেনে নেওয়ার ওই ১ রানেই হেরেছে মুম্বাই।
- বিষয় :
- আইএল টি-টোয়েন্টি
- নিকোলাস পুরান
