ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

কানসাসের আকাশে বাজপাখি

কানসাসের আকাশে বাজপাখি
×

ছবি- এএফপি

সঞ্জয় সাহা পিয়াল, নিউইয়র্ক থেকে

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১১:৩২

আচ্ছা, উন্মাদনার কি নিজস্ব কোনো ভূগোল থাকে? এই যেমন যেখানে আয়োজন, শুধু সেখানেই তার সীমানা রেখা; বোধহয় না। তাই মেটলাইফ স্টেডিয়ামে যখন লাতিনের ‘জাগো বোনিতা’ আর আফ্রিকান ফুটবলের মরোক্কান রোমান্টিসিজমের অপেক্ষা, বাইরে পার্কিং লটের দেয়ালে তখন বিজ্ঞাপন বোর্ডে মেসির ছবির সঙ্গে সমর্থকদের সেলফি!

ফুটবলের আবেগ অবশ্য এমনই, বরাবরই সে চেনা ভূগোল তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়েছে। তাই ব্রাজিল ম্যাচের মাঝেও আর্জেন্টিনা দলকে খুঁজে নেওয়ার চেষ্টা অনেকের। কৌতূহল– বিশ্বকাপ শুরু হয়ে গেল অথচ মেসিকে দেখছি না যে?

মেসি আছেন মেসির মতো করেই। নিভৃত কানসাস সিটিতে। নিউ জার্সিতে ম্যাচ কভার করতে আসা সাংবাদিকদের একটা বড় বহর লাতিনের। সেই দলে নিশ্চিতভাবেই ব্রাজিলিয়ানের সংখ্যা বেশি। তবে দু-একজন আর্জেন্টাইনও এসেছেন। তাদের কাছেই শোনা কানসাসের আকাশে নাকি ডানা মেলছে আহত বাজপাখি। রহস্য না রেখে খুলে বলাই ভালো, আসলে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তাঁর আঙুলে ব্যান্ডেজ খুলে শুক্রবারই প্রথমবারের মতো পুরোদমে অনুশীলন করেছেন। হাতে গ্লাভস পরে বল যেমন গ্রিপ করেছেন, তেমনি থ্রোও করেছেন স্বাভাবিকভাবে। এ নিয়েই নাকি স্বস্তি আর্জেন্টাইন শিবিরে। 

প্রিয় এই গোলরক্ষককে আর্জেন্টাইনরা ‘দিবু’ বলেই ডেকে থাকেন। দিবু নিজে অবশ্য একবার বাংলাদেশে এসে নিজেকে ‘বাজপাখি’ বলেছিলেন। সেই বাজপাখির ডানাতেই আঘাত লেগেছিল। গেল মে মাসে ইউরোপা লিগের ফাইনালের আগে অনুশীলনে আঙুলে চোট পান। ডান হাতের অনামিকার হাড়ে চির ধরে তাঁর। চিকিৎসকরা বলেছিলেন অপারেশনের টেবিলে যেতে। দিবুর জেদ–বিশ্বকাপ খেলবেনই তিনি। সাক্ষী থাকবেন মেসির শেষ ডান্সের। তাই অপারেশন ছাড়াই একরকম ব্যথানাশক দিয়ে শিকার ধরার কৌশল নিয়েছেন। ব্যথামুক্ত হয়ে এদিন থামসআপ দেখিয়েছেন স্বদেশি মিডিয়াগুলোর সামনে। তাদের কাছেই শোনা এদিন সবার শেষে ট্রেনিং থেকে বেরিয়েছেন মার্টিনেজ।

কানসাসে ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। সেখানেই বাজপাখি তার ডানা মেলবে বলে বিশ্বাস আর্জেন্টাইন মিডিয়াকুলের।

যুক্তরাষ্ট্রের এই শহরে পা দেওয়ার পর থেকেই আলবিসেলেস্তেদের মিডিয়া বুলেটিন একরকম ‘মেডিকেল বুলেটিন’-এ রূপ পেয়েছে। প্রতিদিনই দলের মুখপাত্র হয়ে আসা কাউকে না কাউকে বলতে হয়েছে, এই যেমন ডান পায়ের পেশিতে চোট পেয়ে লিওনার্দো বার্লেদি অফিসিয়ালি আউট। তাঁর জায়গায় টটেনহ্যামের নতুন সেন্ট্রাল ডিফেন্ডার মার্কোস সেনেসিকে নেওয়া হয়েছে। নিকোলাস গঞ্জালেস এখনও মাংসপেশির ব্যথায় ভুগছেন। দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি। তাঁকে নিয়ে চিকিৎসক দল চোট পুনর্বাসন প্রক্রিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছে। সবচেয়ে বড় মাথাব্যথার কারণ তাদের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ট্যাগলেফিগোকে নিয়ে। বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা, অথচ এখনও তাঁর কাফ মাসলের ব্যথা কমেনি। ডাক্তাররা ম্যাচ খেলার কোনো সার্টিফিকেটও দেননি। তাই আলজেরিয়ার বিপক্ষে তাঁকে ছাড়াই একাদশ সাজানোর ছক করতে হচ্ছে কোচ স্কালোনিকে।

এমনিতে তিনি চুপচাপ থাকেন, দলের এসব চোট আঘাত নিয়ে ভাবতে ভাবতে এখন আরও যেন নীরব হয়ে পড়েছেন। তবে স্বস্তি তাঁর এটাই যে দলের জাদুকর লিওনেল মেসি এখন দিব্যি ফিট। হ্যামস্ট্রিংয়ে হালকা অস্বস্তি কাটিয়ে অধিনায়ক লিও শতভাগ ফিট। প্রতিটি ট্রেনিং সেশনে নাকি তিনিই নেতৃত্ব দিচ্ছেন। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের শুরু থেকেই তিনি নেতৃত্ব দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে। আর্জেন্টিনার আকাশ রাঙাতে কানসাসের এটুকু রোদ্দুরই যথেষ্ট।

আরও পড়ুন

×