সাক্ষাৎকারে উসমান খান
বিপিএলের পারফরম্যান্স বিবেচনায় নেয় পিসিবি
সেকান্দার আলী
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ১০:৫২
আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ করতে পাড়ি জমিয়েছিলেন আরব আমিরাতে। এরপর একদিন স্বপ্নপূরণের ডাক আসে পাকিস্তান থেকে। বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার শপথ নিয়েছেন তিনি। সিলেট ভেন্যুতে ঢাকা ক্যাপিটালসের ব্যাটার উসমান খানের সাক্ষাৎকার নিয়েছেন সেকান্দার আলী
সমকাল: আগের দুই বিপিএলে দুটি সেঞ্চুরি আছে আপনার। ওই দুটি ইনিংসই কি আপনাকে বিপিএলে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছে?
উসমান: আমার আত্মবিশ্বাস ছিল দলের জন্য ভালো করব। তাদের পুরো সুবিধা দিতে চেয়েছি। আমি গত দুই মৌসুমে বিপিএলে খেলেছি। টিম ম্যানেজমেন্ট অনেক আন্তরিক ছিল। এখানে দর্শক সবসময়ই ভালো।
সমকাল: এবারের বিপিএলের মান কেমন দেখছেন?
উসমান: আমরা সিলেটে শুরু করেছি, যেখানে উইকেট সত্যিই ভালো। বিপিএল একটা ভালো টুর্নামেন্ট। গত বছর চট্টগ্রামের হয়ে খেলার সময় দেখেছি প্রতিটি ম্যাচ নিয়ে সমর্থকদের ব্যাপক আগ্রহ থাকে।
সমকাল: বিপিএলের পারফরম্যান্স কি জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ সহজ করেছে?
উসমান: পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) বিপিএল এবং পিএসএল পারফরম্যান্সকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। আমি পাকিস্তানে ঘরোয়া প্রতিযোগিতায় খেলে এখানে এসেছিলাম। জাতীয় দলে ডাক পাওয়ার ক্ষেত্রে বিপিএল, পিএসএল ও ঘরোয়া লিগের পারফরম্যান্স ভূমিকা রেখেছে।
সমকাল: আপনি কি টেপ টেনিস বলে খেলে উঠে এসেছেন?
উসমান: আমার বড় ভাই নাদিম জাভেদ প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। তিনি করাচিতে খেলতেন। লাহোর থেকে আমাকে করাচিতে নিয়ে এসেছিলেন তিনি। করাচিতেই বেশির ভাগ ক্রিকেট খেলেছি। আমি টেপ-বল ক্রিকেট দিয়ে শুরু করেছিলাম। একটা পর্যায়ে এসে আনুষ্ঠানিক ক্রিকেট খেলা শুরু করি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঠে থাকতাম।
সমকাল: ইনিংস গড়ার ক্ষেত্রে কাউকে কি অনুসরণ করেন?
উসমান: আমি রিজওয়ান ভাই, সাইফি ভাই এবং বাবর ভাইয়ের অধীনে অনেক ক্রিকেট খেলেছি। তারা আক্রমণাত্মক খেলে ইনিংস গড়তে পারদর্শী। একবার সেট হয়ে গেলে বোলারদের কাজ কঠিন করে তোলেন তারা। এটি তাদের ইনিংসকে আরও গভীরে নিয়ে যেতে সহায়তা করেছে। আমি তাদের কৌশলকে ধারণ করেছি। আমি এমন একটি ইনিংস গড়তে চাই যেন মাঝপথে গিয়ে আউট না হই। শেষ পর্যন্ত খেলে ম্যাচ জিতে ড্রেসিংরুমে ফিরতে চাই আমি।
সমকাল: টি২০তে আক্রমণাত্মক ব্যাটিং করেন।
উসমান: আপনি ধীরগতিতে খেলতে পারবেন না। আপনাকে টি২০তে অভিপ্রায় দেখাতে হবে। বাংলাদেশ ও পাকিস্তানের উইকেট আলাদা, তাই আপনাকে সেই অনুযায়ী খেলতে হবে। আপনাকে আগে উইকেট সম্পর্কে জেনে কয়েকটি বল খেলার পর পরিকল্পনা সেট করতে হবে।
সমকাল: সংযুক্ত আরব আমিরাতে খেলেই কি আপনার ক্রিকেট বিকশিত হয়েছে?
উসমান: আমি সংযুক্ত আরব আমিরাতের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। তাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কেন্দ্রীয় চুক্তি ছিল। পাকিস্তান আমাকে যখন তাদের হয়ে খেলার প্রস্তাব দেয় সেটি ছিল আমার আজীবনের স্বপ্নের পূর্ণতা। আমি সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলেছি কিন্তু পাকিস্তান আমার প্রথম পছন্দ ছিল। পাকিস্তান আমার দেশ এবং আমার জনগণ।
সমকাল: বিপিএল দলগুলোর পরিবেশ কেমন?
উসমান: আপনি যখন রান করছেন এবং দলের পরিবেশ ঠিক আছে, তখন আপনি ভালো বোধ করেন। চিটাগং কিংসের মালিক সমীর (সামীর কাদের) ভাইও একজন ভদ্রলোক ছিলেন। সবাই যখন দলটির সম্মানী পাওয়া না পাওয়া নিয়ে কথা বলছেন তখন আমি বলতে পারি আমার সব টাকা পরিশোধ করে দিয়েছেন। বর্তমান দল ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট খুবই ভালো। ঢাকা ক্যাপিটালসের জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং দলকে ফাইনালে নেওয়ার চেষ্টা করব।
সমকাল: টি২০ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখেন?
উসমান: বাংলাদেশ বিশ্বকাপেও ভালো করার জন্য প্রস্তুত হবে। তাদের অনেক ভালো নতুন খেলোয়াড় আছে। ইমন এবং তৌহিদ ভালো ব্যাটার। তাদের শক্তিশালী পেস আক্রমণ আছে। তাদের আছে রিশাদ, যে একজন চিত্তাকর্ষক স্পিনার। তারা উপমহাদেশের কন্ডিশনে খেলছে তাই তারা এটির জন্য প্রস্তুত থাকবে।
- বিষয় :
- উসমান খান
- আরব আমিরাত
- বিপিএল
- সাক্ষাৎকার
