দুটি প্রতিষ্ঠানে নমুনা দিলেন ৩০ ফুটবলার
'নেগেটিভ' রিপোর্টের অপেক্ষা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ২২:৪৩
ফুটবলারদের কাছে করোনা রিপোর্ট যেন এক ধাঁধা! ব্যক্তি উদ্যোগে নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর বাফুফে উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করার পর দেখা গেছে ১৮ জনই পজিটিভ।
বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ৩৬ ফুটবলারের মধ্যে ৩০ জনের ভিন্ন ভিন্ন রিপোর্ট নিয়ে বিস্মিত হয়েছেন সবাই। যে কারণে টেস্ট নিয়ে ধোঁয়াশা কাটাতে সোমবার দুই প্রতিষ্ঠানে নেগেটিভ ও পজিটিভসহ সব ফুটবলারের নমুনা দেওয়া হয়েছে।
কোনো উপসর্গ নেই, শারীরিকভাবে ভালো অবস্থায় থাকা ফুটবলাররা আশায় আছেন নেগেটিভ রিপোর্ট পেয়ে একসঙ্গে অনুশীলন শুরু করার। ফেডারেশন সূত্রে জানা গেছে, বুধ অথবা বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে ফল।
গাজীপুরের সারা রিসোর্টে ফুটবলারদের চলমান ক্যাম্পে সোমবার দুই ঘণ্টার ব্যবধানে ৩০ ফুটবলার এবং ৬ জন অফিসিয়াল ও স্টাফের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে আইসিডিডিবিআরবি এবং প্রভা হেলথ কেয়ার।
এ বিষয়ে বাফুফের পাঠানো এক ভিডিওবার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেছেন, সোমবার আমাদের দুটি প্রতিষ্ঠান আইসিডিডিবিআরবি এবং প্রভা হেলথ কেয়ার আলাদাভাবে দুটি নমুনা সংগ্রহ করেছে। আশা করছি খুব সহসাই আমরা আমাদের রিপোর্ট হাতে পেয়ে যাব।
ফুটবলারদের একেকবার আসছে একেক রকম করোনা ফল। তবে আক্রান্তদের কারোর মধ্যেই কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সবাই এখনও সুস্থ আছেন বলেই জানিয়েছেন রূপু।
ম্যানেজার রূপুর মতোই ফুটবলার বিপলু আহমেদও জানিয়েছেন তারা সুস্থই আছেন, আমরা সবাই এখন আল্লাহর রহমতে সুস্থ আছি। আমাদের মধ্যে কোনো রকমের লক্ষণ নেই। সোমবার আমাদের পৃথকভাবে দু'বার পরীক্ষা করা হয়েছে আশা করছি নেগেটিভ ফল নিয়ে খুবই তাড়াতাড়ি মাঠে নামব।