ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিশ্বকাপ জিতে ছুরি-কাঁচির নিচে রদ্রি, অনিশ্চিত মাঠে ফেরা

বিশ্বকাপ জিতে ছুরি-কাঁচির নিচে রদ্রি, অনিশ্চিত মাঠে ফেরা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৬:২৩

স্পেনকে বিশ্বকাপ জেতানোর আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেলেন রদ্রি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতা এই মিডফিল্ডারকে পিঠের চোটের কারণে অস্ত্রোপচার করাতে হচ্ছে। দ্যা অ্যাথলেটিকে প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর বয়সী এই ফুটবলারের কবে মাঠে ফেরা সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গত কয়েক বছরে ইনজুরি রদ্রির ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২৪-২৫ মৌসুমে এসিএল ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর হ্যামস্ট্রিং ও কুঁচকির সমস্যাও ভুগিয়েছে স্প্যানিশ মিডফিল্ডারকে। এবার বিশ্বকাপে দারুণ প্রত্যাবর্তন করে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন গোল্ডেন বল। তবে সেই সাফল্যের পরই আবারও তাকে মাঠের বাইরের কঠিন লড়াইয়ে নামতে হচ্ছে।

রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর। নতুন চুক্তি নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ক্যারিয়ারের শেষ দিকে স্পেনে ফিরে খেলার বিষয়টি নিয়েও ভাবছেন তিনি।

এর মধ্যে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবরও শোনা গেলেও, বারবার চোটে পড়ার ইতিহাসের কারণে স্প্যানিশ জায়ান্টরা পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য কোনো চুক্তির ক্ষেত্রে তারা বড় অঙ্কের অর্থ ব্যয়ে আগ্রহী নয়।

আরও পড়ুন

×