ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

তিন বছরের চুক্তিতে আর্সেনালে উইলিয়ান

তিন বছরের চুক্তিতে আর্সেনালে উইলিয়ান
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ০৪:৫০

চেলসির ব্রাজিল উইঙ্গার উইলিয়ান নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালে যাচ্ছেন বিষয়টি আগেই জানা গেছে। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। শুক্রবার ফ্রি এজেন্টে উইলিয়ানের সঙ্গে তিন বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল। নতুন চুক্তির মধ্যে দিয়ে চেলসির সঙ্গে সাত বছরের পথচলা শেষ হলো ব্রাজিল তারকার।

চেলসিও উইলিয়ানকে রাখতে চেয়েছিল। কিন্তু তারা তিন বছরের চুক্তি দিতে রাজি হয়নি। উইলিয়ান আবার এক কিংবা দুই বছরের চুক্তিতে চেলসিতে থাকতে আগ্রহ প্রকাশ করেননি। কারণ ৩২ বছর বয়সী তারকার এক কিংবা দুই বছরের চুক্তি শেষ হলে ইউরোপের শীর্ষ পর্যায়ের লিগে শীর্ষ পর্যায়ের দল পাওয়া নিয়ে সংশয় ছিল। তিনি তাই আর্সেনালকে বেছে নিয়েছেন।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, উইলিয়ানের হাতে আর্সেনাল ছাড়াও ইউরোপের বেশ কিছু বড় ক্লাবের প্রস্তাব ছিল। উইলিয়ানের সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়ে গানার কোচ মাইকেল আর্তেতা বলেছেন, ‘বিশ্বাস করি, সে আর্সেনালের হয়ে ব্যবধান গড়ে দেবে। আমরা কয়েক মাস ধরেই তার দিকে চোখ রাখছিলাম। আমাদের দলে একজন আক্রমণাত্মক মিডফিল্ডার ও উইঙ্গার দরকার ছিল। উইলিয়ান তিন থেকে চারটি পজিশন ধরে খেলতে পারে। দলে সে নতুনত্ব দেবে আশা করছি।’

আর্সেনাল কোচ জানান, ব্রাজিল এই ফরোয়ার্ডের ফুটবলের সব ধরণের অভিজ্ঞতা আছে। তার সঙ্গে আর্তেতা অনেক কথাই বলেছেন। ফুটবল নিয়ে তার এখনও অনেক উচ্চাকাঙ্খা। গানারদের টেকনিক্যাল ডিরেক্টর ইডু জানান, তিনি ভালো মতোই উইলিয়ানকে চেনেন। তার সঙ্গে ব্রাজিল জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা আছে ইডুর। এছাড়া অন্য একটা ক্লাবে খেলতো বলে তার প্রতি তার নজর রাখতে হতো। তিনি শতভাগ নিশ্চিত ভক্ত থেকে শুরু করে আর্সেনালের সবাই উইলিয়ানকে পেয়ে খুশি।

আরও পড়ুন

×