ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারত নয়, টি২০ বিশ্বকাপের শিরোপা জিতবে নিউজিল্যান্ড: আমির

ভারত নয়, টি২০ বিশ্বকাপের শিরোপা জিতবে নিউজিল্যান্ড: আমির
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ১৭:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণের আগে উত্তাপ ছড়াচ্ছে সাবেক তারকাদের বিশ্লেষণ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালের আগে পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ভবিষ্যদ্বাণী করেছেন, ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে কিউইরা।

আমিরের মতে, দল হিসেবে ভারতের চেয়ে নিউজিল্যান্ড অনেক বেশি ভারসাম্যপূর্ণ। সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, ‘সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড যে খেলাটা খেলেছে, তা ছিল নিখুঁত দলীয় পারফরম্যান্স। পুরো টুর্নামেন্টেই তারা একতাবদ্ধ হয়ে ভালো খেলছে।’

অন্যদিকে, স্বাগতিক ভারতের সাফল্যকে তিনি মূলত দুজনের কাঁধে নির্ভরশীল বলে মনে করছেন। আমিরের ভাষায়, ‘ভারতের দিকে তাকালে আমার মনে হয়, তারা মূলত দুজন খেলোয়াড়ের কারণে জিতছে। জাসপ্রিত বুমরাহ এবং সঞ্জু স্যামসনই ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছেন।’

ব্যাটিং শক্তিতে দুই দলকে সমানে সমান মানলেও বোলিংয়ে নিউজিল্যান্ডকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখছেন এই সাবেক পেসার। তিনি মনে করেন, বুমরাহ ছাড়া ভারতের বাকি বোলাররা খুব একটা ছন্দে নেই। তিনি বলেন, ‘বোলিং বিভাগে কিউইরা ভারতের চেয়ে অনেক ভালো ফর্মে আছে। বুমরাহর ওপর ভারত অতিরিক্ত নির্ভরশীল। হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী দুজনই বেশ সংগ্রাম করছে। বোলিংয়ের এই ছন্দই নিউজিল্যান্ডকে শিরোপা জেতাবে বলে আমার বিশ্বাস।’

শুধু বোলিং নয়, ভারতীয় ওপেনার অভিষেক শর্মার ব্যাটিং নিয়েও সমালোচনা করেছেন আমির। তার মতে, টুর্নামেন্টজুড়ে অভিষেকের ব্যাটিংয়ের ধরন বেশ ‘একঘেয়ে’। আন্তর্জাতিক এই পর্যায়ে সফল হতে হলে তার শট সিলেকশনে আরও বৈচিত্র্য আনা প্রয়োজন বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

×