ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হোম কন্ডিশনে স্পোর্টিং উইকেটের খোঁজে শান্তরা

হোম কন্ডিশনে স্পোর্টিং উইকেটের খোঁজে শান্তরা
×

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৪:৫১

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের জন্য মিরপুরের উইকেট সবসময়ই এক গোলকধাঁধার নাম। টপ অর্ডার ব্যর্থতা আর মন্থর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার অন্ত নেই। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ভালো উইকেটের প্রত্যাশা করছে তার দল। তবে খারাপ উইকেট হলেও সেটা নিয়ে অভিযোগ না করে বরং মানিয়ে নিতে প্রস্তুত তার দল।

মিরপুরের কন্ডিশন নিয়ে নাজমুল বলেন, ‘মিরপুরে ব্যাটিং করা সবসময়ই চ্যালেঞ্জিং। আগে থেকে ভালো উইকেটে খেলা হলে হয়তো ব্যাটারদের গড় বা স্ট্রাইক রেট আরও ভালো অবস্থানে থাকত।’

তবে কন্ডিশন নিজের নিয়ন্ত্রণে থাকে না উল্লেখ করে তিনি জানান, সাম্প্রতিক সময়ে মিরপুরের উইকেটের উন্নতি তার মনে আশার সঞ্চার করছে। অধিনায়ক চান হোম কন্ডিশনে ব্যাটাররা এবার স্পোর্টিং উইকেটে নিজেদের সামর্থ্য প্রমাণ করুক।

প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছেন আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিম। শান্ত জানিয়েছেন, তামিমের কাছ থেকে তিনি সীমিত ওভারের মতোই স্বভাবসুলভ ব্যাটিং আশা করেন। শান্ত বলেন, ‘আমি চাই প্রত্যেকে যার যার স্বাভাবিক ছন্দে ক্রিকেট খেলুক। প্রথম ইনিংসে বড় স্কোর ৪০০+ গড়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

গত টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশ সপ্তম স্থানে শেষ করেছিল। এবার শান্তর চোখ আরও উঁচুতে। তিনি বলেন, ‘এবার আমাদের লক্ষ্য থাকবে পয়েন্ট টেবিলের চার বা পাঁচ নম্বর অবস্থানে শেষ করা। সামনে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফর রয়েছে, তাই ঘরের মাঠের সিরিজগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

×