রজার মিলারের রেকর্ড ভাঙার সুযোগ কাতারের সোরিয়ার
রজার মিলার - সেবাস্তিয়ান সোরিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১২:৪৭ | আপডেট: ১৪ মে ২০২৬ | ১৩:০২
সব পজিশন মিলিয়ে ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বয়সী ফুটবলার হলেন মিসরের গোলরক্ষক এসাম এল হাদারি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ খেলার সময় তাঁর বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন। আর আউটফিল্ড খেলোয়াড় হিসেবে সবচেয়ে বয়স্ক ফুটবলার হলেন ক্যামেরুন কিংবদন্তি রজার মিলার।
১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের হয়ে শেষ বিশ্বকাপ খেলেছিলেন তিনি। সেই বছরের ২৮ জুন রাশিয়ার বিপক্ষে ম্যাচে নামার সময় তাঁর বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। এবার রজার মিলারের ৩২ বছরের রেকর্ড ভাঙার সুযোগ কাতারের ফরোয়ার্ড সেবাস্তিয়ান সোরিয়ার।
কাতারের ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেলে এবং বিশ্বকাপে মাঠের নামার সুযোগ হলে, সোরিয়া পেছনে ফেলবেন রজার মিলারকে। উরুগুয়েতে জন্ম নেওয়া সোরিয়ার বয়স ৪২ বছর ১৮৭ দিন। মাঠে নামলে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে তিনিই হবেন সবচেয়ে বয়স্ক আউটফিল্ড ফুটবলার।
৪২ বছর বয়সী সোরিয়াকে কাতারের ৩৪ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন কোচ হুলেন লোপেতেগি। আগামী সপ্তাহে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন তিনি। সেই স্কোয়াডে সোরিয়া থাকবেন কিনা, তা সময়ই বলে দেবে। তবে সোরিয়ার ফুটবল ক্যারিয়ারটা উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছিল।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষই হয়ে গিয়েছিল তারা। ২০২২ কাতার বিশ্বকাপ দলেও তাঁকে নেওয়া হয়নি। তবে গত বছরের অক্টোবরে আবার জাতীয় দলে ডাকা হয় এবং বিশ্বকাপ বাছাইয়ে কাতারের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছিলেন সোরিয়া।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
