ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বুড়ো হেন্ডারসন ও টনিতে আস্থা ইংল্যান্ডের

বুড়ো হেন্ডারসন ও টনিতে আস্থা ইংল্যান্ডের
×

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১২:৩৭ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১২:৪৬

২০২৩ সালে যখন লিভারপুল ছেড়ে সৌদি ক্লাব আল-ইত্তিফাকে যোগ দেন, তখনই আসলে সর্বোচ্চ লেবেলের ফুটবল থেকে সরে গিয়েছিলেন জর্ডান হেন্ডারসন। এরপর আয়াক্স ঘুরে এখন ব্রেন্টফোর্ডে খেলছেন ৩৫ বছর বয়সী এ মিডফিল্ডার। সবাইকে অবাক করে দিয়ে হেন্ডারসনকে বিশ্বকাপ দলে নিয়েছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

একইভাবে সৌদি লিগে নাম লিখিয়ে আড়ালে চলে যাওয়া স্ট্রাইকার ইভান টনিকে বিশ্বকাপ দলে ডেকে চমক দিয়েছেন কোচ। তবে ইংল্যান্ডকে ২০২৪ সালে ইউরো ফাইনালে নিয়ে যাওয়া কোল পালমার ও ফিল ফোডেনের জায়গা হয়নি টুখেলের দলে। ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড ও হ্যারি ম্যাগুয়েরের মতো নামি তারকাও ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পাননি।

প্রত্যাশিতভাবেই দলে সুযোগে পেয়েছেন তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো কেইনকে ইংল্যান্ডের বিশ্বকাপ দলের অধিনায়কও করা হয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে মিশ্র মৌসুম কাটানো জুড বেলিংহামও দলে আছেন।

বার্সেলোনার চমৎকার ছন্দে থাকা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড জায়গা পেয়েছেন। ইউরোপা লিগ জেতা অ্যাস্টন ভিলা স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স দলে সুযোগ পেয়েছেন। অবশ্য চেলসির পালমার ও ম্যানসিটির ফোডেনের বাদ পড়াটা অনুমিতই ছিল। দুজনেরই চলতি মৌসুমটা ভালো যায়নি।

তবে তাদের বাদ দেওয়াটা যে বেশ কঠিন ছিল, সেটা দল ঘোষণার সংবাদ সম্মেলনে টুখেলও স্বীকার করেছেন, ‘ফোন কলের সময়ও আমি তাদের আবেগ অনুভব করতে পারছিলাম। আমি সেসব খেলোয়াড়কে ফোন করেছিলাম যারা অন্তত একবার হলেও আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। তাদের কৃতজ্ঞতা ও সম্মান জানানোর জন্য আমি ফোন করেছিলাম।’

৬০ বছর ধরে বড় কোন ট্রফি জেতে না ইংল্যান্ড। সে খরা কাটাতেই ২০২৫ সালে ইংল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় এই জার্মানকে। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এ কোচের বেশ কিছু সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট ও লিডসের স্ট্রাইকার ডমিনিক ক্লাভার্ট-লেউইন লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন, দু্জনই এবার প্রিমিয়ার লিগে ইংলিশদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। কিন্তু তারা জায়গা পাননি।

একইভাবে লিগে দারুণ পারফর্ম করেও বিশ্বকাপ দলে সুযোগ পাননি ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার অ্যাডাম ওয়ার্টন। অধিকাংশ সময় বদলি হিসেবে নামা ব্রেন্টফোর্ডের বুড়ো হেন্ডারসনকে দলে নিয়েছেন।

গোলকিপার
জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্রাফোর্ড

ডিফেন্ডার
রিস জেমস, টিনো লিভরামেন্টো, ড্যান বার্ন, মার্ক গুয়েহি, জন স্টোন্স, নিকো ও’রাইলি, এজরি কোনসা, জ্যারেশ কোয়েনসাহ, জেদ স্পেন্স

মিডফিল্ডার
ডেক্লান রাইস, ইলিয়ন এন্ডারসন, জুড বেলিংহাম, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনু, মরগান রর্জাস, এবেরেচি এজে

ফরোয়ার্ড
হ্যারি কেইন, ইভান টনি, ওলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, নোনি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন 

আরও পড়ুন

×