এন্দ্রিকের গোলে মিশরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ ব্রাজিলের
ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৭:২৬
বিশ্বকাপের মূল পর্বে নামার আগে শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল মিশরকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস ও তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। মিশরের একমাত্র গোলটি আসে মোস্তফা জিকোর পা থেকে।
ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। গত মে মাসের শেষ দিকে পায়ের পেশিতে চোট পাওয়ার পর তার পুনর্বাসন ও ফিটনেস নিয়ে উদ্বেগ ছিল দলের ভেতরে। তবে মাঠের পারফরম্যান্সে সেই অনুপস্থিতির প্রভাব পড়তে দেননি সতীর্থরা। বিশ্বকাপের মতো বড় আসরের আগে দলীয় সমন্বয় ও কৌশল আরও শাণিত করতেই এই ম্যাচকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিয়েছিল কোচ কার্লো আনচেলত্তির দল।
অন্যদিকে, গত সপ্তাহে প্রীতি ম্যাচে রাশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী মিশরও ভালো ছন্দে ছিল। বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে আশাবাদী দলটি ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। গ্রুপ ‘জি’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড।
খেলা শুরুর পর থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের ফুটবল উপহার দেয়। সপ্তম মিনিটে মিশরের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে প্রথম গোল আদায় করে নেয় ব্রাজিল। ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ব্রুনো গিমারায়েস।
তবে ব্রাজিলের সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চার মিনিট পর, ম্যাচের ১১তম মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার মারকুইনহোসের ভুলের সুযোগ নিয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান মোস্তফা জিকো। তার গোলে সমতায় ফেরে মিশর।
প্রথমার্ধের বাকি সময় উভয় দলই কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ গড়ে তুললেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে শুরুতেই একাধিক পরিবর্তন এনে পুরো স্কোয়াডকে পর্যবেক্ষণের সুযোগ নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি আলিসন, মার্কিনহোস, ক্যাসেমিরো, পাকুয়েতা, ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস ও ইগর থিয়াগোকে তুলে নিয়ে মাঠে নামান ওয়েভারটন, ব্রেমার, লিও পেরেইরা, দানিলো, ফাবিনহো, অ্যালেক্স সান্দ্রো, হেনরিকে, এন্দ্রিক এবং ম্যাথিউস কুনিয়াকে।
কোচের এই পরিবর্তনের সুফল আসে খুব দ্রুতই। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ছয় মিনিট পর, অর্থাৎ ম্যাচের ৫২তম মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতর থেকে দারুণ এক শটে গোল করেন ১৯ বছর বয়সী এন্দ্রিক। তার গোলে আবারও এগিয়ে যায় ব্রাজিল।
এরপর সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় মিশর। তবে ব্রাজিলের নতুন রক্ষণভাগকে ভাঙতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত এন্ড্রিকের গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ফলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানো এক জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
