এইচপির বোলিং কোচের প্রস্তাব রাসেলকে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৫ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৫
বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগে নিয়োগ পাচ্ছেন জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল। তাঁকে নিয়োগ দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান এইচপি চেয়ারম্যান শানিয়ান তানিম। গতকাল শুক্রবার সমকালকে তিনি নিশ্চিত করেন, এই সপ্তাহে নিয়োগ পেতে পারেন রাসেল।
যদিও এইচপিতে একজন বিদেশি পেস বোলিং কোচ রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কলিমোর কাজ করছেন দুই বছরের বেশি সময় ধরে। তাঁর সঙ্গে সমন্বয় করে কাজ করতেন জাতীয় দলের বর্তমান পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
শানিয়ান বলেন, ‘তালহা ভাই জাতীয় দলে চলে যাওয়ায় একটা শূন্যতা তৈরি হয়েছে। কলিমোরের সঙ্গে একজন দেশি কোচ থাকলে ভালো। সৈয়দ রাসেল ক্রিকেটে লম্বা সময় ধরে কাজ করছেন। আমরা তাঁর অভিজ্ঞতা কাজে লাগাব।’
জাতীয় লিগের কোচিং প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে রাসেলকে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে কাজ হারালেও কেন্দ্রে চাকরি পেতে যাচ্ছেন রাসেল। বোর্ড থেকে এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। রাসেল বলেন, ‘আমার কাছে জানতে চেয়েছিল এইচপিতে কাজ করতে পারব কিনা। আমি বলেছি পারব।’
- বিষয় :
- সৈয়দ রাসেল
- বিসিবি