ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা রেফারিকে সুখবর দিলো উয়েফা

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা রেফারিকে সুখবর দিলো উয়েফা
×

ওমর আবদুলকাদির আরতান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১১:৩৭ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১১:৪২

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারার ঘটনায় বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছেন সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতান। বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ হারালেও উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আফ্রিকার এই খ্যাতিমান রেফারি।

বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা এ তথ্য জানায়। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সঙ্গে আলোচনা করে সুপার কাপের জন্য আরতানকে রেফারি হিসেবে মনোনীত করা হয়েছে।

আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিত হবে উয়েফা সুপার কাপ। ম্যাচে মুখোমুখি হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও উয়েফা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। সবকিছু ঠিক থাকলে উয়েফা সুপার কাপ পরিচালনার মাধ্যমে ইউরোপীয় ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চে অভিষেক হবে সোমালিয়ার এই রেফারির।

৩৪ বছর বয়সী আরতান সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের মূল পর্বে দায়িত্ব পালনের খুব কাছেই ছিলেন। তবে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। গত সপ্তাহে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। পরে বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ অফিসিয়ালদের তালিকা থেকেও তার নাম বাদ দেওয়া হয়।

বিশ্বকাপে দায়িত্ব পালন করতে না পারলেও দেশে ফিরে বীরের মর্যাদা পান এই আরতান। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে হাজারো মানুষ বিমানবন্দরে জড়ো হয়ে তাকে সংবর্ধনা জানায়।

২০২৫ সালে সিএএফের বর্ষসেরা রেফারি নির্বাচিত হওয়া আরতান ২০১৮ সালে ফিফা রেফারির স্বীকৃতি পান। এর আগে তিনি আফ্রিকা কাপ অব নেশনসসহ একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছেন।

আরও পড়ুন

×