আত্মবিশ্বাসী অ্যালিসন হতে চান ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১২:৫২ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১৩:৫০
বিশ্বকাপে সর্বাধিক আসরে অংশ নেওয়ার রেকর্ড গড়ার চেয়ে ব্রাজিলকে শিরোপা জেতানোই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন দলের গোলরক্ষক অ্যালিসন বেকার। নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া এই তারকা বলেছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হওয়াই তার বড় স্বপ্ন।
বিশ্বকাপ মিশন শুরুর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে কথা বলেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।
এবারের বিশ্বকাপের বেশিরভাগ জরিপে ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনার নাম আলোচনায় থাকলেও ব্রাজিলকে কিছুটা পিছিয়ে রাখা হচ্ছে। এ প্রসঙ্গে অ্যালিসন বলেন, ফেভারিট হিসেবে বিবেচিত হওয়া কোনো নিশ্চয়তা নয়। বরং এটি দলের ওপর বাড়তি চাপ তৈরি করে। আসল বিষয় হলো, প্রথম ম্যাচের সময় আপনি কতটা প্রস্তুত। আমরা প্রস্তুত।
ইংলিশ ক্লাব লিভারপুলের এই গোলরক্ষক সাম্প্রতিক সময়ে চোটের সমস্যায় ভুগলেও জানিয়েছেন, বিশ্বকাপের জন্য তিনি শতভাগ ফিট। আগামী ১৪ জুন নিউজার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে তিন বা তার বেশি আসরে অংশ নেওয়া ব্রাজিলের গোলরক্ষকদের তালিকায় নাম লেখানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অ্যালিসন বলেন, আমি বরং আরেকটি বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে চাই।
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল প্রত্যাশিত ছন্দে ছিল না। দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় পঞ্চম হয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করে সেলেসাওরা। পরে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে দলটি। অ্যালিসন বলেন, শেষ বাছাইপর্ব আমাদের জন্য কঠিন ছিল। কিন্তু আনচেলত্তি আসার পরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। তার উপস্থিতি দলকে আত্মবিশ্বাস দিয়েছে।
তিনি জানান, বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তি বিশেষভাবে রক্ষণভাগের উন্নতির ওপর গুরুত্ব দিচ্ছেন। অ্যালিসনের ভাষায়, কিছু গোল আমরা এড়াতে পারতাম। এসব বিষয় নিয়েই কাজ করছি। বিশ্বকাপ ছোট পরিসরের টুর্নামেন্ট। আমরা জানি, আমাদের দলে এমন মানের খেলোয়াড় রয়েছে যারা সুযোগ তৈরি করতে এবং গোল করতে সক্ষম।
- বিষয় :
- ব্রাজিল
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
