ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

চোটে বিশ্বকাপ শেষ, অবসরের ঘোষণা এন্দোর

চোটে বিশ্বকাপ শেষ, অবসরের ঘোষণা এন্দোর
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১২:৩৫

বিশ্বকাপের মেগা মঞ্চে বল গড়ানোর ঠিক আগমুহূর্তে ব্লু সামুরাই শিবিরে নেমে এলো বিষাদের ছায়া। মাঠের লড়াই শুরুর মাত্র তিন দিন আগে বড় এক ধাক্কা খেল জাপান। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের অধিনায়ক ওয়াতারু এন্দো। এরপর ৩৩ বছর বয়সী এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

দীর্ঘদিন ধরেই পায়ের চোটে ভুগছিলেন এন্দো। শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থ হয়ে বিশ্বমঞ্চে জাপানের আর্মব্যান্ড পরে মাঠে নামার লড়াই চালিয়েছিলেন। কিন্তু মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে নিজেকে ফিট প্রমাণ করতে ব্যর্থ হন তিনি।

অফিসিয়ালি স্কোয়াড থেকে বাদ পড়ার পর এক্সে (সাবেক টুইটার) এক আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন এন্দো। তিনি লেখেন, ‘ভবিষ্যতে এমন একটি দিন অবশ্যই আসবে, যখন জাপান বিশ্বকাপ জিতবে। আমরা সেই বিশ্বাস রাখি। উত্তর আমেরিকার এই বিশ্বকাপেই যেন সেই স্বপ্ন পূরণ হয়, সেজন্য পুরো জাপানের শক্তি এক হয়ে যাক। আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে গ্যালারিতে বসে দলকে সমর্থন করব।’

২০১৫ সালে অভিষেকের পর নীল জার্সিতে ৭৩ ম্যাচে ৪ গোল করা এন্দো ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে জাপানের স্কোয়াডে ছিলেন। বিশেষ করে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে জাপানের রূপকথার অন্যতম রূপকার ছিলেন এই মিডফিল্ডার। কাতার বিশ্বকাপের পর দলের নেতৃত্ব পাওয়া এন্দো আক্ষেপহীন কণ্ঠে বলেন, ‘চোট পাওয়ার পর থেকে ফেরার জন্য সামর্থ্যের সবটুকু দিয়েছি, তাই কোনো আক্ষেপ নেই। তবে কাতার বিশ্বকাপের পর থেকে এই দলটাকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত।’

এই বিশ্বকাপে আসার আগেই চোটের মিছিলে লণ্ডভণ্ড হয়ে গেছে জাপানের শক্তি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের অন্যতম তারকা কাওরু মিতোমা স্কোয়াডেই জায়গা পাননি। অন্যদিকে হাঁটুর চোটের কারণে অনেক আগেই বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় তাকুমি মিনামিনোর। এবার টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে অধিনায়ক এন্দোকে হারানো জাপানের জন্য বড় এক ট্র্যাজেডি। এন্দোর পরিবর্তে জাপানের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড শুতো মাচিনো।

ওয়াতারু এন্দোর আকস্মিক বিদায়ে বিশ্বকাপের মঞ্চে জাপানের নতুন অধিনায়কের আর্মব্যান্ড উঠছে ডিফেন্ডার কো ইতাকুরার কাঁধে। দায়িত্ব পেয়ে ইতাকুরা বলেন, ‘সবচেয়ে বেশি হতাশ হয়তো ওয়াতারুই। সে এই দলের প্রকৃত নেতা ছিল। আমি নেতৃত্বভার গ্রহণ করছি, তবে এর সঙ্গে অনেক বড় দায়িত্ব ও দৃঢ়তা জড়িয়ে আছে।’

আগামী রোববার (১৪ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তিউনিসিয়া ও সুইডেন।

আরও পড়ুন

×