ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ফাইনালে আবার দেখা হলে আর্জেন্টিনাকে হারাব: এমবাপ্পে

ফাইনালে আবার দেখা হলে আর্জেন্টিনাকে হারাব: এমবাপ্পে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৩:৩৩ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১৩:৫৩

কাতার বিশ্বকাপের ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ফ্রান্সের। সেই হারের ক্ষত হয়তো এখনো বয়ে বেড়াচ্ছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের দেখা হতে পারে কি-না, সেই আলোচনাও চলছে। এর মধ্যেই ফরাসি অধিনায়ক জানিয়ে রেখেছেন, আর্জেন্টিনার সঙ্গে আরেকটি লড়াইয়ের জন্য তার দল প্রস্তুত।

ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সম্প্রতি এমবাপ্পের কাছে জানতে চেয়েছিলেন, এবারের বিশ্বকাপ ফাইনালের মঞ্চেও যদি ফ্রান্সকে আর্জেন্টিনার মুখোমুখি হতে হয়, তবে কী ঘটবে? জবাবে আত্মবিশ্বাসী ছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফ্রান্স প্রতিশোধ নিতে প্রস্তুত।

এমবাপ্পে বলেন, ‘আমরা বরাবরের মতোই জয়ের জন্য বদ্ধপরিকর এবং ক্ষুধার্ত থাকব। আমরা এখানে এসেছি ইতিহাস গড়তে, যা এখনো আমাদের করা বাকি। আমরা এই বিশ্বকাপটি নিজেদের করে নিতে চাই।’

২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে শিরোপা জিততে পারেননি এমবাপ্পে। এবারের আসরেও অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নামেছে ফ্রান্স। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও শিরোপা ধরে রাখার মিশনে শক্তিশালী দল নিয়ে এসেছে। দুই দলের আরেকটি ফাইনালের সম্ভাবনা ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করছে।

ট্রফি জয়ের পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার দৌড়েও মুখোমুখি মেসি ও এমবাপ্পে। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর ৪টি গোল। আর মাত্র দুটি বিশ্বকাপ খেলেই ১২ গোল করা এমবাপ্পের প্রয়োজন আর মাত্র ৫টি গোল।

বিশ্বকাপের নকআউট সূচি অনুযায়ী, ফ্রান্স ও আর্জেন্টিনা যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পা রাখে, তবে তাদের অবস্থান হবে দুটি ভিন্ন গ্রুপে। সমীকরণ অনুযায়ী ফাইনালের আগে এই দুই দলের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে মেসি-এমবাপ্পের দ্বৈরথ দেখা যাবে না। আর্জেন্টিনা-ফ্রান্সের লড়াই দেখতে হলে দুই দলকেই সব বাধা পেরিয়ে ফাইনালের টিকিট পেতে হবে

আরও পড়ুন

×