ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চার ম্যাচ ড্র

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চার ম্যাচ ড্র
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১২:৩২

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো ২০২৬ আসর। টুর্নামেন্টের পঞ্চম দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের সবকটিই শেষ হয়েছে ড্রয়ে। বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। ৬৮ বছর পর এমন দৃশ্য আবার দেখা গেল ফিফা বিশ্বকাপে। স্থানীয় সময় ১৫ জুন অনুষ্ঠিত চার ম্যাচেই কোনো দল জয়-পরাজয়ের মুখ দেখেনি।

এর আগে ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে প্রথমবার একদিনে চার-চারটি ম্যাচ ড্র হওয়ার রেকর্ড গড়েছিল। সেবার অবশ্য একই দিনে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে চারটির ফলাফল ছিল টাই। স্বাগতিক সুইডেন ও ওয়েলসের মধ্যকার ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়েছিল। এ ছাড়া যুগোস্লাভিয়া ও প্যারাগুয়ে ম্যাচটি ৩-৩ গোলে, ইংল্যান্ড ও অস্ট্রিয়া ২-২ গোলে এবং নর্দান আয়ারল্যান্ড ও জার্মানির ম্যাচটিও ২-২ গোলের ড্রতে নিষ্পত্তি হয়েছিল। ৬৮ বছর আগের সেই ঐতিহাসিক দিনটি ছিল ১৯৫৮ সালের ১৫ জুন। দীর্ঘ এক যুগ পেরিয়ে ২০২৬ আসরের ঠিক ১৫ জুন তারিখেই ফুটবল বিশ্ব দেখল একই ঘটনার মহড়া।

বাংলাদেশ সময় অনুযায়ী গতকাল রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৪টি ম্যাচ হয়। সবচেয়ে আলোচিত স্পেনের সঙ্গে এবার অভিষেক হওয়া কেপ ভার্দের ম্যাচটি, যা গোলশূন্য ড্র হয়। এরপর বেলজিয়াম ও মিসর ১–১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। একই ব্যবধানে ১–১ ড্র করে সৌদি আরব ও উরুগুয়ে। দিনের শেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের লড়াইয়ে ২–২ গোলের রোমাঞ্চকর সমতা দেখা যায়।

আরও পড়ুন

×