ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

ব্রাজিলের নামের ভারে ভড়কে যাচ্ছে না জাপান, কোচের হুঁশিয়ারি

ব্রাজিলের নামের ভারে ভড়কে যাচ্ছে না জাপান, কোচের হুঁশিয়ারি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১১:৫৫

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার পর এশিয়ান পরাশক্তি জাপানের সামনে এখন কঠিন সমীকরণ। শেষ বত্রিশের ব্লকবাস্টার ম্যাচে ব্লু সামুরাইদের লড়তে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। তবে সেলেসাওদের নামের ভারে মোটেও ভড়কে যেতে রাজি নয় জাপান। বরং বিশ্বমঞ্চে ব্রাজিলকে হারিয়ে দেওয়ার হুঙ্কারই দিয়ে রাখলেন জাপানি কোচ হাজিমে মোরিয়াসু।

ডালাসে শুক্রবার ভোরে সুইডেনের সঙ্গে ১–১ গোলে ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্স-আপ হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে জাপান। অন্যদিকে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ এসেছে ব্রাজিল। আগামী সোমবার ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের মাঠে শেষ ষোলোয় ওঠার মহালড়াইয়ে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি।

ব্রাজিল বধের জন্য জাপানকে বড় আত্মবিশ্বাস জোগাচ্ছে তাদের অতীত পারফরম্যান্স। গত বছরের অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩–২ গোলে হারিয়ে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিল এই এশিয়ান জায়ান্টরা। বিশ্বকাপের মঞ্চেও সেই ঐতিহাসিক জয়কে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চান মোরিয়াসু।

ব্রাজিল ম্যাচকে সামনে রেখে মোরিয়াসু তার দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, ‘সবশেষ ম্যাচে আমরা ব্রাজিলকে দেখিয়েছি, আমরা সহজে হার মানার মতো দল নই। সেই জয়টি আমাদের ফুটবলের জন্য অনেক বড় অগ্রগতি ছিল। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং আমরা তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তবে মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কী ঘটবে তা আমরা কেউই জানি না; আমার বিশ্বাস, ম্যাচে আমাদেরও জেতার সমান সুযোগ থাকবে।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথমে লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি জাপান। দাইজেন মায়েদার গোলের ঠিক ৬ মিনিট পরই গোল হজম করতে হয় তাদের। যার ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে রানার্স-আপ হতে হয় ব্লু সামুরাইদের। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই কোচের।

এশিয়ান ফুটবলকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিতে পারায় সন্তুষ্ট মোরিয়াসু বলেন, ‘আমরা একটি গোল হজম করেছি এবং ফুটবলের মাঠে এমনটা হয়েই থাকে। টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল নকআউট পর্বে পা রাখা। আমরা সেটি করতে পেরেছি এবং এটি জাপানি ফুটবলের ধারাবাহিক উন্নতির এক বড় প্রমাণ।’

আরও পড়ুন

×