গাংনী সীমান্তে আবারও ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ
পুশইনের খবরে সীমান্তে অবস্থান নেয় বিজিবি ও গ্রামবাসীরা। ছবি: সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১২:৪৬ | আপডেট: ২৬ জুন ২০২৬ | ১২:৪৬
মেহেরপুরের গাংনী সীমান্তে আবারও ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। আজ শুক্রবার ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে বিএসএফ তাদেরকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফেরত নেয় বিএসএফ।
ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার সরকার বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার বুড়িপোতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গেট খুলে তিনজনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশের প্রবেশ করতে পারেনি। পরে বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার পর ওই তিনজনকে ফেরত নিয়েছে বিএসএফ।
এর আগে, চলতি মাসের ৬ তারিখ ভোরে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, ১৯ তারিখে সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে ৪ জন ও গতকাল গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসী সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে শক্ত অবস্থান নেওয়ার কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়।
- বিষয় :
- মেহেরপুর
