টায়ারে নতুন শুল্ক-ভ্যাট প্রত্যাহারের দাবি আমদানিকারকদের
কৃষি টায়ারে ভ্যাট আরোপে কৃষক ও ভোক্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১৪:০৭
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে লাইট ট্রাক টায়ারের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক এবং কৃষি টায়ারের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের টায়ার আমদানিকারক ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, স্থানীয় টায়ার উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠান উচ্চ শুল্ক-সুবিধার আড়ালে অস্বাভাবিক মুনাফা অর্জনের চেষ্টা করছে। নতুন শুল্ক ও ভ্যাট কার্যকর হলে টায়ারের দাম আরও বাড়বে, যার প্রভাব পড়বে পরিবহন খাত, কৃষি উৎপাদন এবং সাধারণ ভোক্তার ওপর।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় চট্টগ্রাম টায়ার টিউব ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স গ্রুপ।
সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) সরকারকে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য দিয়ে আরও বেশি শুল্ক-সুবিধা আদায়ের চেষ্টা করছে। এতে বাজারে প্রতিযোগিতা কমে যাবে এবং শেষ পর্যন্ত অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে সাধারণ ক্রেতাদের।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে লাইট ট্রাক টায়ারের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক এবং কৃষি টায়ারের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে পরিবহন ব্যয় ও কৃষি উৎপাদনের খরচ আরও বেড়ে যাবে। এর প্রভাব খাদ্যপণ্যের দামেও পড়বে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা দাবি করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর গাজী টায়ার্সের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার সুযোগে কয়েকটি দেশীয় উৎপাদক বিভিন্ন মডেলের টায়ারের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। তাদের ভাষ্য অনুযায়ী, ৫.৫০-১৩ ও ১৫৫-১৩ সাইজের টায়ারের দাম এক ধাপে প্রায় ৪ হাজার ৭৩০ টাকা থেকে বেড়ে ৭ হাজার ৪৫০ টাকায় ওঠে, যা প্রায় ৫৭ শতাংশ বৃদ্ধি। দেশীয় ও আমদানি করা টায়ারের দামের তুলনাও তুলে ধরেন ব্যবসায়ীরা। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে বহুল ব্যবহৃত একটি মিনিবাস টায়ারের দাম ভ্যাটসহ প্রায় ১২ হাজার ১৭ টাকা হলেও একই ধরনের দেশীয় টায়ার বর্তমানে বাজারে প্রায় ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি টায়ারের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাবের সমালোচনা করে ব্যবসায়ীরা বলেন, সার, ডিজেল, শ্রম ও কৃষিযন্ত্রের ব্যয় ইতোমধ্যে অনেক বেড়েছে। এ অবস্থায় কৃষি টায়ারের দাম বাড়লে কৃষকের উৎপাদন খরচ আরও বৃদ্ধি পাবে এবং শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে খাদ্যপণ্যের বাজারে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা লাইট ট্রাক টায়ারের ওপর প্রস্তাবিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক স্থগিত এবং কৃষি টায়ারের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বাতিলের দাবি জানান।
এ সময় সংগঠনের সভাপতি মাঈন উদ্দিন আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি মোক্তার হোসেন, সহসভাপতি মো. সানাউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সংবাদ সম্মেলন
