ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, উদাহরণ মেসির গোল

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, উদাহরণ মেসির গোল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১৪:০৭

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল বাতিল হওয়া নিয়ে ফিফার কাছে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নিজেদের অভিযোগ জোরালো করতে টুর্নামেন্টে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির একটি গোলকে উদাহরণ হিসেবে টেনেছে তারা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘এস্তাদাও’ এই খবর নিশ্চিত করেছে।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে মেক্সিকান রেফারি সিজার রামোস ভিএআর দেখে দাবি করেন, ভিনি পেছন থেকে হেনরিকে ফাউল করেছেন। ফলে গোলটি বাতিল হয়। ম্যাচে পরে ভিনিসিয়ুস দুটি গোল করেন এবং ব্রাজিল ৩-০ ব্যবধানে জেতে। রেফারি গোলটি বাতিল না করলে হ্যাটট্রিক হতো এই রিয়াল মাদ্রিদ তারকার।

সিবিএফ তাদের বিবৃতিতে জানিয়েছে, রেফারি রামোসের এই সিদ্ধান্ত শুধু ব্রাজিলের জন্যই নয়, স্কটল্যান্ডের খেলোয়াড়দের জন্যও বিস্ময়ের ছিল। স্কটিশ ফুটবলারদের প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারাও কোনো ফাউল বা গোল বাতিলের আশা করেননি।

অভিযোগপত্রে ব্রাজিল টেনেছে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির গোল প্রসঙ্গ। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে মেসির করা একটি গোল নিয়ে বেশ বিতর্ক রয়েছে। সেই গোলের বিল্ডআপে অস্ট্রিয়ার সাভের শ্লাগারকে ট্যাকল করেছিলেন আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। বলের লড়াইয়ের বাইরে শ্লাগার মাটিতে পড়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যান এবং সেই আক্রমণ থেকেই মেসি গোল করেন। অস্ট্রিয়ার খেলোয়াড়দের প্রতিবাদও তখন আমলে নেওয়া হয়নি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রশ্ন, মেসির গোলটি যদি বৈধ হয়, তবে ভিনির গোলটি কেন ফাউলের অজুহাতে বাতিল করা হলো?

স্কটল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যেখানে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান।

আরও পড়ুন

×