শেষ বত্রিশে কারা উঠল, বাদ পড়ল কারা
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১৩:১৭
বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চ এখন অন্তিম লগ্নে। ১২টি গ্রুপের মধ্যে ইতিমধ্যেই ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ হয়ে গেছে। আর তাতেই ‘রাউন্ড অব ৩২’-এর সমীকরণ দ্রুত স্পষ্ট হতে শুরু করেছে।
২৬ জুন সকাল পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ৪৮ দলের এই মেগা আসরে ইতিমধ্যেই ১৯টি দল তাদের শেষ বত্রিশের টিকিট চূড়ান্ত করে ফেলেছে। অন্যদিকে টুর্নামেন্ট থেকে অফিশিয়ালি বিদায় নিয়েছে ৮টি দল। বাকি থাকা ১৩টি জায়গার জন্য এখনো লড়াইয়ে টিকে আছে ২১টি দল।
এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল সরাসরি চলে যাবে নকআউট পর্বে। তাদের সঙ্গে ১২ গ্রুপের ‘তৃতীয় স্থান’ অর্জনকারী দলগুলোর মধ্যে পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থাকা সেরা আটটি দল শেষ ৩২-এ খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে শুরু হয়ে ৩ জুলাই পর্যন্ত চলবে নকআউট পর্বের এই রুদ্ধশ্বাস লড়াই।
বিশ্বকাপের প্রচলিত নকআউট নিয়মেই এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই হবে ‘সিঙ্গেল-এলিমিনেশন’, অর্থাৎ হারলেই বিদায়। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ড্র থাকলে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে খেলা গড়াবে। এরপরও যদি ম্যাচে সমতা থাকে, তবে টাইব্রেকারে জয়ী দল নির্ধারণ করা হবে।
একনজরে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া ১৯ দল:
গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন
গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা
গ্রুপ ‘কে’: কলম্বিয়া
গ্রুপ পর্বের সমীকরণ শেষে ইতিমধ্যেই সুটকেস গুছিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ৮ দলকে। তারা হলো- তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।
এদিকে ব্রাজিল-জাপানসহ এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচের লাইনআপ চূড়ান্ত হয়েছে। যার মধ্যে রয়েছে আসরের হট ফেভারিট নেদারল্যান্ডসও। শক্তিশালী মরক্কোর মুখোমুখি হবে তারা।
দেখে নিন রাউন্ড অব থার্টি টুতে কোন দলের প্রতিপক্ষ কারা এবং ম্যাচের তারিখও সময়সূচী।
১. কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা, ২৮ জুন, রাত ১টা
২. ব্রাজিল বনাম জাপান,২৯ জুন, রাত ১১টা
৩. নেদারল্যান্ডস বনাম মরক্কো, ৩০ জুন, সকাল ৭টা
৪. যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া, ২ জুলাই, সকাল ৬টা
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
