ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

ভ্রমণক্লান্তি এড়াতে গ্রুপসেরা হতে চায় ফ্রান্স

ভ্রমণক্লান্তি এড়াতে গ্রুপসেরা হতে চায় ফ্রান্স
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১৫:১৫

২০২৬ বিশ্বকাপে আজ গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে মাঠে নামছে ফ্রান্স। ‘আই’ গ্রুপের শীর্ষস্থানের এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নরওয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফরাসি শিবিরে ভর করেছে শোকের ছায়া। মায়ের শেষকৃত্যে যোগ দিতে হঠাৎ দেশে ফিরে গেছেন প্রধান কোচ দিদিয়ের দেশম। ফলে আজকের ম্যাচে ডাগআউটে তার জায়গায় দায়িত্ব সামলাবেন সহকারী কোচ গাই স্টিফেন।

মূলত ভ্রমণক্লান্তি ও লজিস্টিকস সুবিধা পেতেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় ফরাসিরা। প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই শেষ বত্রিশ নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় আজ কেবল একটি ড্র করলেই গ্রুপসেরা হবে কিলিয়ান এমবাপ্পেরা।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ফ্রান্সকে তাদের বেস ক্যাম্প বস্টনের কাছাকাছিই থাকতে দেওয়া হবে। কিন্তু রানার্সআপ হলে দলটিকে ডালাস, মায়ামি কিংবা আটলান্টার মতো দূরবর্তী শহরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে খেলতে হবে। সহকারী কোচ গাই স্টিফেন বলেন, ‘গ্রুপে দ্বিতীয় হলে আমাদের ভ্রমণের সময় অনেক বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের আবহাওয়া ও তাপমাত্রার তারতম্যের একটি বড় ইস্যুও রয়েছে। তাই প্রথম স্থান ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।’

কোচ দেশম আজ রাতের মধ্যেই বস্টনে দলের ক্যাম্পে ফিরবেন। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার অহেলিয়াঁ চুয়ামেনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হলেও আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কোচ আমাদের একটি মিশন দিয়ে গেছেন। আমাদের মূল লক্ষ্য আজ জিতে তাকে গর্বিত করা।’ তবে আজ ইনজুরির কারণে ফ্রান্স দলে থাকছেন না ডিফেন্ডার উইলিয়াম সালিবা এবং স্ট্রাইকার মার্কাস থুরাম।

আজকের ম্যাচে ফুটবলপ্রেমীদের মূল চোখ থাকবে গোল্ডেন বুটের লড়াইয়ের দিকে। কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ড উভয়ই দুই ম্যাচে ৪টি করে গোল করেছেন। ৫ গোল নিয়ে তাদের ওপরে আছেন কেবল লিওনেল মেসি। নরওয়েজিয়ান গোলমেশিন হালান্ডকে নিয়ে চুয়েমেনি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘হালান্ড যেকোনো মুহূর্তে গোল করতে পারে। একটু মনোযোগ হারালেই আমাদের চড়া মূল্য চোকাতে হবে।’

আরও পড়ুন

×