‘পর্তুগাল শুধু রোনালদোর উপর নির্ভরশীল নয়’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১৪:৫০
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয় ম্যাচে স্বরূপে দেখা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড় গোলের ওই ম্যাচে পর্তুগাল জিয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে। শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করলে নকআউটের টিকিট নিশ্চিত হবে পর্তুগালের। তবে সেই ম্যাচে মাঠে নামার আগে উইঙ্গার পেদ্রো নেতো জানিয়েছেন, পর্তুগাল কেবল রোনালদোর ওপর নির্ভরশীল নয়।
ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল পর্তুগাল। দলের প্রধান তারকা রোনালদোকেও ম্যাচের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফেরেন আল নাসর তারকা। রোনালদোর ফিরে আসার সেই ম্যাচে পর্তুগালও পেয়েছে দাপুটে জয়।
‘কে’ গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া। আগামী ২৮ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মিয়ামি গার্ডেন্সে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে উঠে আসলো রোনালদোর প্রসঙ্গ। তবে পর্তুগাল দলে রোনালদোর ভূমিকা স্বীকার করলেও ক্ষেত্রে ‘নির্ভরশীলতা’ শব্দটি ব্যবহার করতে চাননি নেতো।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেতো বলেন, ‘ক্রিশ্চিয়ানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ‘নির্ভরশীল’ শব্দটি অনেক বেশি কঠোর। আমরা জানি, যদি বল বক্সের মধ্যে যায়, তাহলে তার গোল করার সম্ভাবনা খুবই বেশি। তবে আমরা শুধু তার জন্য নয়, দলের সব খেলোয়াড়ের জন্যই সুযোগ তৈরি করি।’
তিনি আরও বলেন, ‘আমাদের নিজস্ব কৌশল ও খেলার ধরন রয়েছে। তাই আমি মনে করি না যে আমরা তার ওপর নির্ভরশীল, বরং তার প্রতি আমাদের আস্থা রয়েছে।’
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে চেলসির এই পর্তুগিজ উইঙ্গার বলেন, ‘আমরা জানি, আমরা এমন একটি দলের মুখোমুখি হচ্ছি যারা ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে পারেনি, কিন্তু তারা বর্তমানে খুব ভালো করছে। তাদের একটি শক্তিশালী দল রয়েছে এবং তারা কোপা আমেরিকার ফাইনালিস্ট ছিল। তারা খুবই লড়াকু এবং শারীরিকভাবে শক্তিশালী দক্ষিণ আমেরিকান দল। আমাদের তাদের সমকক্ষ হতে হবে, অথবা তাদের ছাড়িয়ে যেতে হবে।’
নিজেদের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘এখানে মূল শব্দ হলো সহনশীলতা এবং কঠোর পরিশ্রম। আমরা সেটাই করে আসছি। সহনশীল থেকেছি এবং কঠোর পরিশ্রম করেছি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে এটিই হবে মূল বিষয়।’
