ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ব্রাজিল এগিয়ে, জাপানও কম নয়

ব্রাজিল এগিয়ে, জাপানও কম নয়
×

জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া, অধিনায়ক, বাংলাদেশ দল

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৯:২৬

নানা রোমাঞ্চের মধ্য দিয়ে শেষ হলো উত্তর আমেরিকার বিশ্বকাপের গ্রুপ পর্ব। বেশ কয়েকটি ম্যাচ অসাধারণ হয়েছে। উরুগুয়ের মতো টিম যেমন বাদ পড়েছে, তেমনি করে ইরানের জন্য অবশ্যই খারাপ লেগেছে। মিসরের বিপক্ষে ওই গোলটি বাতিল না হলে ইরান এখন নকআউটে থাকত। আমার মনে হচ্ছে, রাউন্ড অব থার্টি টুর লড়াইটাও জমজমাট হবে। এই রাউন্ডের প্রথম বড় ম্যাচ বলতে হবে ব্রাজিল আর জাপানের ম্যাচ। নেদারল্যান্ডস-মরক্কো আরেকটি বড় ম্যাচ। বাকি যারা বড় টিম, ওরা একটু সহজ প্রতিপক্ষ পেয়েছে বলেই মনে হচ্ছে।

এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান। সর্বশেষ প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল তারা। আর বিশ্বকাপে জাপান অসাধারণ পারফরম্যান্স করছে। ব্রাজিলের জন্য ম্যাচটি খুবই কঠিন হবে। ব্রাজিলের যেমন ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর মতো অনেক ফুটবলার আছেন। ভিনিসিয়ুস, নেইমার, কুনিয়ার মতো ফুটবলার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। জাপানের সেই রকম কেউ না থাকলেও দল হিসেবে তারা বেশ গোছানো। দলগত শক্তিতেই এগিয়ে চলছে জাপান। তাদের টিম স্পিরিট দুর্দান্ত। 

আবার ব্রাজিল কিন্তু সেরা ছন্দে ফিরেছে। মরক্কো ও হাইতির ম্যাচের চেয়ে স্কটল্যান্ডের বিপক্ষে অনেক ভালো খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে নেইমার ফিরেছেন। দলের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। ধীরে ধীরে উন্নতি করেছে ব্রাজিল। আমরা যে ব্রাজিলকে দেখতে চাই, স্কটল্যান্ডের বিপক্ষে সেই দলটিকেই দেখা গেছে। তবে সেটা এখন পুরোনো। জাপানের বিপক্ষে ম্যাচটি একেবারে নতুন। সম্পূর্ণ ভিন্ন লড়াই হবে। তার পরও আমি মনে করে ম্যাচে ব্রাজিল একটু এগিয়ে। বলতে পারেন সিক্সটি-ফোর্টি।

আর ব্রাজিলের টিম স্পিরিটও কিন্তু দুর্দান্ত। বিশেষ করে নেইমার ফেরায় সবার মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। যদিও এখনও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন নেইমার। তাঁর একটু সময় লাগবে। তাঁর ফিরে আসাটা ব্রাজিলের জন্য ইতিবাচক। নেইমার জ্বলে উঠলে সেটা হবে প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ। এই ক্ষেত্রে নেইমারকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে হবে জাপান কোচের। আমার একটা জিনিস ভালো লেগেছে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার যখন মাঠে নামছিলেন। তিনি যার পরিবর্তে মাঠে নামেন, সেই কুনিয়া কিন্তু নেইমারের সঙ্গে বদলি হওয়াতে খুশি ছিলেন। দুটি ম্যাচে কুনিয়া গোল করেছেন। 

ব্রাজিলের প্রধান ভরসা এখন ভিনিসিয়ুস। বলতে গেলে ভিনিই ব্রাজিলকে টেনে নিয়ে যাচ্ছেন। জাপানের বিপক্ষে ম্যাচেও ভিনিসিয়ুসের দিকে দৃষ্টি থাকবে সবার। তিনটি ম্যাচে যেভাবে পারফর্ম করেছেন ভিনিসিয়ুস, তা জাপানের জন্য মাথাব্যথার কারণ। আবার জাপানও কিন্তু চমক দেখাতে পারে। কারণ এই দলটি তিন বিভাগেই সেরা। তারা প্রচুর দৌড়াতে পারে।

আরও পড়ুন

×