ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

মিসর ম্যাচে পরিবর্তন আসছে আর্জেন্টিনার মিডফিল্ডে

মিসর ম্যাচে পরিবর্তন আসছে আর্জেন্টিনার মিডফিল্ডে
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১১:১৮

কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলে স্নায়ুক্ষয়ী জয়ের পর বিশ্রামের জন্য খুব বেশি সময় পাচ্ছে না আর্জেন্টিনা। দুই দিন মায়ামিতে অনুশীলন করে গতকাল রোববারই তাদের শেষ ষোলোর ভেন্যু আটলান্টার উদ্দেশে রওনা হয়ে যাওয়ার কথা। সেখানে এক দিন অনুশীলন করবেন মেসি-মার্টিনেজরা। মঙ্গলবার তাদের ম্যাচ। গণমাধ্যম সূত্রে জানা গেছে, মিসরের বিপক্ষে প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে।

মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পরদিন সকালেই অনুশীলনে নামার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু ঝোড়ো হাওয়া ও তুমুল বৃষ্টির কারণে মাঠে নামতে পারেননি তারা। কোচ লিওনেল স্কালোনি অবশ্য প্রকৃতির কারণে পাওয়া বিশ্রামের এ সুযোগকে একদিক থেকে মন্দের ভালো হিসেবে দেখছেন। কারণ ১২০ মিনিট মাঠে এমন দুর্দান্ত লড়াইয়ের পর বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। হোটেলে জিম সেশন করে প্রস্তুতি নেন তারা। গতকাল অবশ্য পুরোদমে অনুশীলন করেছেন তারা। এই অনুশীলন সেশনটি কোচিং স্টাফদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেপ ভার্দের বিপক্ষে সেদিন যে ভুলগুলো হয়েছিল, সেগুলো শোধরানোর জন্য এই সেশনে কাজ করবেন কোচ স্কালোনি।

কেপ ভার্দের বিপক্ষে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছে আর্জেন্টিনার লেফটব্যাক পজিশনটি। ফাকুন্দো মেদিনা খুবই বাজে খেলেছেন সেদিন। ম্যাচের শেষ দিকে মাংসপেশিতে টান লাগায় মাঠও ছেড়েছিলেন। তাই মিসরের বিপক্ষে তাঁর জায়গায় নিকোলাস তাগলিয়াফিকোর দলে ফেরাটা প্রায় নিশ্চিত। আরেকটি প্রশ্নবিদ্ধ পজিশন হলো আক্রমণভাগের সেন্টার ফরোয়ার্ড। বিশ্বকাপের শুরুতে মূল স্ট্রাইকার হিসেবে জুলিয়ান আলভারেজের চেয়ে কিছুটা হলেও এগিয়ে ছিলেন লাউতারো মার্টিনেজ। অ্যাথলেটিকো মাদ্রিদের এ ফরোয়ার্ড ফিটনেস সমস্যায়ও ভুগছিলেন। তবে কেপ ভার্দের বিপক্ষে লাউতারো ভীষণ বাজে পারফর্ম করেন। স্কালোনি এ পজিশন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও ইন্টার মিলান তারকার ওপর খুব একটা খুশি নন কোচ।

মাঝমাঠে পরিবর্তন সম্ভবত নিশ্চিতই। গত ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ খেলেছেন লিয়ান্দ্রো পারেদেস। থিয়াগো আলমাদাকে সম্ভবত জায়গা ছেড়ে দিতে হতে পারে পারেদেসকে। বদলি নেমে মাঝমাঠে নিকোলাস গঞ্জালেজও ভালো খেলেছেন। তাঁরও শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। গত ম্যাচগুলোতে ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাক এলিস্টারের ওপর বেশি চাপ পড়ে যাওয়ায় পারেদেসকে নামানো হচ্ছে। আর নিকোলাস গঞ্জালেস শুরুর একাদশে এলে বদলে যেতে পারে ফরমেশন।

আরও পড়ুন

×