লাল কার্ড দেখা বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১১:৫১
এক ম্যাচে লাল কার্ড দেখলে স্বাভাবিকভাবে তার পরের ম্যাচে খেলতে পারবেন না সেই ফুটবলার। কিন্তু এবার সেই নিয়মের তোয়াক্কা করেনি ফিফা। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখে এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়া যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের শাস্তি এক বছরের জন্য স্থগিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর ফলে বিশ্বকাপের সহ-আয়োজক দলটির হয়ে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে তার আর কোনো বাধা থাকছে না।
রোববার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ম্যাচ নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তটি এক বছরের পর্যবেক্ষণমূলক সময়ের জন্য স্থগিত রাখা হলো।
এতে আরও জানানো হয়, এই পর্যবেক্ষণমূলক সময়ের মধ্যে বালোগান যদি একই ধরনের এবং সমমাত্রার কোনো নিয়ম লঙ্ঘন করেন, তবে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে এবং পূর্বের শাস্তি কার্যকর করা হবে। পাশাপাশি নতুন অপরাধের জন্য অতিরিক্ত শাস্তিও এর সাথে যুক্ত হতে পারে।
গত বৃহস্পতিবার বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওই ম্যাচের ৪৫ মিনিটে দলের প্রথম গোলটি এসেছিল বালোগানের পা থেকে। কিন্তু ৬৪ মিনিটে বসনিয়ান ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের বিপক্ষে একটি বাজে ট্যাকলের কারণে তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
এর ফলে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের শুরু থেকে ফর্মে থাকা এই মার্কিন ফরোয়ার্ডের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত করা হয়েছে। শেষ ষোলোর লড়াইয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সিয়াটলে বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপ চলাকালে এমন সিদ্ধান্ত খুবই বিরল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লাল কার্ডের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা যুক্ত থাকে এবং সেটির বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই। এবার সেই শাস্তিই কার্যকর হওয়ার আগেই স্থগিত করে দিল ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
এদিকে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের পরই ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘সঠিক সিদ্ধান্ত নেওয়ায় এবং একটি বড় অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ!’
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনও বেলজিয়ামের বিপক্ষে বালোগানকে খেলার অনুমতি দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। ইউএসএ সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং ফোলারিন বালোগান আগামীকাল খেলার যোগ্য হওয়ায় আমরা আনন্দিত।’
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন যুক্তরাষ্ট্রের আক্রমণের অন্যতম ভরসা বালোগান। যুক্তরাষ্ট্রের এতদূর আসার পেছনেও তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ইতোমধ্যেই ৩টি গোলের দেখা পেয়েছেন।
