ট্রাম্প-কার্ডে নড়বড়ে ফিফা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৯:০৫ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ০৯:০৬
চরম বিতর্কিত সিদ্ধান্তে ২০২৬ বিশ্বকাপকে কলঙ্কিত করেছে ফিফা। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা নজিরবিহীন সিদ্ধান্তে স্থগিত করে দিয়েছে ফিফা। ফলে আজ ভোরে বেলজিয়ামের বিপক্ষে খেলতে কোনো বাধা নেই তাঁর। আর এই সিদ্ধান্তের পেছনে সরাসরি ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফার এমন সিদ্ধান্তে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে দলগুলোর মাঝে। বেলজিয়াম, ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের কোচ এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন।
নিউইয়র্ক টাইমসের খবর, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের দায়িত্বে থাকা হাওয়ার্ড লুটনিক ও অ্যান্ড্রু জিউলিয়ানি বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান। তারা বলেন, বালোগান না থাকলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা কমে যাবে যুক্তরাষ্ট্রের। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রস্তাব দেন ট্রাম্পকে। এরপরই ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলেন। সে ফোনের সুবাদেই এলো ফিফার ব্যতিক্রমী এ সিদ্ধান্ত। যেখানে লাল কার্ড ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগই ছিল না। এই বিতর্কিত ঘটনার পর ফিফার নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে রয়টার্সের একাধিকবার অনুরোধের পরও ফিফা কোনো মন্তব্য করেনি।
এক বিবৃতি দিয়ে গত রোববার ফিফা বালোগানের শাস্তি স্থগিত করার বিষয়টি জানায়। বিবৃতিতে তারা বলেছে, শৃঙ্খলাবিধির ২৭ অনুচ্ছেদ অনুযায়ী এক বছরের জন্য বালোগানের নিষেধাজ্ঞা কার্যকর স্থগিত রাখা হয়েছে। আগামী এক বছরের মধ্যে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে স্থগিত নিষেধাজ্ঞা তখন কার্যকর হবে। নতুন অপরাধের জন্যও তখন আলাদা শাস্তি হবে। তবে কী কারণে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে, সে ব্যাখ্যা দেয়নি ফিফা। অথচ নিয়ম অনুযায়ী, লাল কার্ড দেখলে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। ২ জুলাই বসনিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে দ্বিতীয়ার্ধে তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বুট দিয়ে আঘাত করায় ভিএআর পর্যালোচনা করে রেফারি বালোগানকে লাল কার্ড দেখিয়েছিলেন। প্রথমার্ধে দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন তিনি।
ফিফার এ ধরনের সিদ্ধান্ত অবশ্য নতুন নয়। গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লাল কার্ড দেখার পর তিন ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। এক ম্যাচে সে নিষেধাজ্ঞা কার্যকর হলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছিল ফিফা। যার ফলে চলতি বিশ্বকাপের শুরু থেকে খেলার সুযোগ পান তিনি। আর বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা অতীতে একবার ঘটেছিল। ১৯৬২ বিশ্বকাপের সেমিতে চিলির এক খেলোয়াড়কে লাথি মেরে লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলের গারিঞ্চা। তখন লাল কার্ডের জন্য স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞার বিধান ছিল না। পুরো বিষয়টি ফিফার শৃঙ্খলা কমিটির ওপর নির্ভর করত। গারিঞ্চাকে সতর্ক করে দিয়ে ফাইনাল খেলার সুযোগ দিয়েছিল শৃঙ্খলা কমিটি।
ফিফার সিদ্ধান্তে বেজায় খুশি ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ নিয়ে লিখেছেন, ‘সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ!’ সন্তুষ্ট যুক্তরাষ্ট্র ফুটবল দলও। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং আমরা আনন্দিত যে ফোলারিন বালোগান আগামীকালের ম্যাচটি খেলতে পারবে।’ তবে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের খবরে অবাক হয়েছেন তাঁর সতীর্থরাই। যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ক্রিস রিচার্ডস কথাতেই সেটি ফুটে উঠেছে, ‘আমরা অনেকেই প্রথমে ভেবেছিলাম এটা এআই দিয়ে তৈরি। আমরা সত্যিই খুব রোমাঞ্চিত ছিলাম, কারণ আমরা সামাজিক মাধ্যমে খবরটা জানতে পারি। বিষয়টি নিয়ে যদিও অনেক প্রশ্ন উঠেছে, তবে সব মিলিয়ে আমরা খুশি।’
তবে বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ) এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে। তাদের ভাষ্য, ফিফার শৃঙ্খলাবিধির ৬৬.৪ অনুচ্ছেদ অনুযায়ী লাল কার্ড পেলে পরের ম্যাচ অবধারিতভাবে নিষিদ্ধ হওয়ার নিয়ম, যা টুর্নামেন্টের সব লাল কার্ডের ক্ষেত্রেই মানা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের বেলায় বিশ্বকাপের নিয়ম ভাঙা হয়েছে। বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়ার কাছে ব্যাপারটা নাকি ‘এপ্রিল ফুলের’ মতো লাগছে। ফিফার এ সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ইংল্যান্ড কোচ টমাস টুখেলও। গতকাল মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখেছেন ইংল্যান্ডের কোয়েনশা। তাঁর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন কিনা জানতে চেয়েছেন সাংবাদিকদের কাছে। এখন ফ্রান্সও বলছে, মাইকেল ওলিসের হলুদ কার্ড তুলে নেওয়ার জন্য আবেদন করবেন তারা।
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- ফিফা
- বিশ্বকাপ ফুটবল