ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ
×

ট্রিওন্ডা ফাইনাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১২:৩৪

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ বাঁকের পথে। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এরপর ফাইনাল। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি ম্যাচকে সামনে রেখে নতুন অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। নতুন এই বলের নাম ‘ট্রিওন্ডা ফাইনাল’।

গত বছরের অক্টোবরে উন্মোচিত মূল ‘ট্রিওন্ডা’ বলের উন্নত সংস্করণ এটি। প্রযুক্তিগত দিক থেকে আগের বলের ধারাবাহিকতা বজায় থাকলেও নকশায় আনা হয়েছে বড় পরিবর্তন। বিশ্বকাপের শেষ চার ম্যাচের বিশেষ গুরুত্ব তুলে ধরতেই আলাদা গ্রাফিক্স ও রঙে তৈরি করা হয়েছে এই বিশেষ সংস্করণ।

ট্রিওন্ডা ফাইনালের নকশায় বিশ্বকাপ জয়ের প্রতীকী যাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে। কালো রঙের ভিত্তির ওপর সোনালি নকশায় বিশ্বকাপ ট্রফির প্রতিচ্ছবি ব্যবহার করা হয়েছে, যা বলটিকে দিয়েছে আলাদা আভিজাত্য।

বলটিতে স্থান পেয়েছে ২০২৬ বিশ্বকাপের ১৬টি স্বাগতিক শহরের নাম। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের ভেন্যু ডালাস, আটলান্টা, মায়ামি ও নিউ জার্সিকে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে। পাশাপাশি বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মনতেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো ও ভ্যাঙ্কুভারের নামও যুক্ত করা হয়েছে বলের বিশেষ ত্রিভুজাকৃতির গ্রাফিক নকশায়।

নতুন বল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ‘বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ট্রিওন্ডা ফাইনাল এসেছে। পুরো টুর্নামেন্টে ট্রিওন্ডা প্রতিটি গোলের মুহূর্তকে বিশেষ করে তুলেছে। নতুন এই সংস্করণ তিন স্বাগতিক দেশের ঐক্য এবং ফুটবলের প্রতি আবেগের প্রতীক। বিশ্বের সেরা খেলোয়াড়দের পায়ে এই বলই বিশ্বকাপের শেষ চার ম্যাচের ইতিহাস রচনা করবে।’

নকশার পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকেও বলটি অত্যাধুনিক। ট্রিওন্ডা ফাইনালে ব্যবহার করা হয়েছে ‘কানেক্টেড বল টেকনোলজি’, যা বলের প্রতিটি স্পর্শের তথ্য রিয়েল-টাইমে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ও ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়। ফলে অফসাইড, বল স্পর্শসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন

×