ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

‘এটাই প্রকৃতির বিচার’, যুক্তরাষ্ট্রকে হারিয়ে বেলজিয়াম তারকা

‘এটাই প্রকৃতির বিচার’, যুক্তরাষ্ট্রকে হারিয়ে বেলজিয়াম তারকা
×

বেলজিয়ামের কাছে চার গোল খেয়ে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিসের মাথায় হাত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১২:৩৪ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১২:৩৭

বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র ম্যাচের আগে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কম জল ঘোলা হয়নি। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে লাল কার্ড দেখা এই মার্কিন ফরোয়ার্ডকে বেলজিয়ামের বিপক্ষে খেলার অনুমতি দেয় ফিফা। তবে সেই সিদ্ধান্ত মাঠের ফল বদলাতে পারেনি। বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্বাগতিকরা।

যুক্তরাষ্ট্রের এমন পরাজয়কে ‘প্রকৃতির বিচার’ বলে মন্তব্য করেছেন বেলজিয়াম মিডফিল্ডার নিকোলাস রাসকিন। ম্যাচ শেষে ফিফার বিতর্কিত সিদ্ধান্তকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন তিনি।

গত বৃহস্পতিবার রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন বালোগান। প্রচলিত নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু সেখানে দৃশ্যপটে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলে বিষয়টি পুনর্বিবেচনা অনুরোধ জানান তিনি। পরে ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের বিধির আওতায় বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে।

এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। ম্যাচ শুরুর আগে বেলজিয়াম ফুটবল ফেডারেশনও বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করা নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছিল। কিন্তু ফিফা তাতে কোনো কর্নপাত করেনি। মঙ্গলবার বালোগানকে নিয়েই সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামে যুক্তরাষ্ট্র।

তাতেও ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। সকল বিতর্কের জবাবই মাঠে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে দিয়েছে বেলজিয়াম। একতরফা ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে তারা।

ম্যাচ শেষে সাংবাদিকদের রাসকিন বলেন, ‘আমি তো আগেই বলেছি, আমার মনে হয় জীবনে সব সময়ই কোথাও না কোথাও একটা বিচার থাকে। এই ধরনের ঘটনাকে যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, আমরা মনে করি না যে এটি ন্যায্য ছিল।’

তিনি আরও বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য কিছুটা ভাগ্যও বয়ে এনেছে। আমাদের ম্যাচটি জেতা দরকার ছিল এবং পুরো দল সেই মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল।’

আরও পড়ুন

×