বিদায়ের পর রোনালদো বললেন, আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১১:৫৮
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর পূরণ হলো না। ছয়টি বিশ্বকাপ খেলেও শিরোপার দেখা পাননি পর্তুগালের এই মহাতারকা। স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার মধ্য দিয়ে শেষ হলো তার বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। স্পেনার বিপক্ষে ম্যাচ শেষে রোনালদো নিশ্চিত করেন, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
বিশ্বকাপ থেকে শূন্য হাতে বিদায় নিলেও আক্ষেপের চেয়ে আত্মতৃপ্তির কথাই বেশি শোনা গেছে রোনালদোর কণ্ঠে। তার দাবি, জাতীয় দলের জার্সিতে নিজের সামর্থ্যের সবটুকুই উজাড় করে দিয়েছেন। তাই বিদায়ের মুহূর্তে বিবেকের কাছে নিজেকে নির্ভার মনে হচ্ছে তার। একইসঙ্গে বিশ্বকাপ না জিতলেও জাতীয় দলের জার্সিতে নিজের অর্জন নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের অর্জনের কথা স্মরণ করিয়ে দিয়ে রোনালদো জানান, তার সময়ে তিনটি ট্রফি জিতেছে পর্তুগাল। তার আগে দলটি কোনো শিরোপা জেতেনি।
রোনালদো বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো শিরোপাই ছিল না। তাই আমার খুশি হওয়ারই কথা।’
২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছে পর্তুগাল। আর এই তিনটি শিরোপাই এসেছে রোনালদোর নেতৃত্বে। বিশ্বকাপ ট্রফি অধরা থাকলেও ইউরো জয়ের স্মৃতি তার কাছে বিশ্বকাপের সমান মূল্যবান।
তিনি বলেন, ‘আমি ২০১৬ সালের ইউরো জিতেছি। আমার কাছে সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান। সেই অর্জন চিরকাল আমার সঙ্গে থাকবে। আগামীকাল নতুন একটি দিন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
রোনালদো আগেই জানিয়েছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। ম্যাচের পর আবারও সেটা নিশ্চিত করলেন আল নসর তারকা। তিনি বলেন, ‘হ্যাঁ, এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ। এখন আমার সামনে ভাবার সময় থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে। জীবন চলতেই থাকবে। আমি বিবেকের কাছে নির্ভার থেকে বিদায় নিচ্ছি। ফুটবলে কখনো জিততে হয়, কখনো হারতে হয়।’
জাতীয় দলের হয়ে অর্জন নিয়ে গর্বের কথা বললেও বিদায়ের কষ্ট আড়াল করেননি রোনালদো। তিনি বলেন, ‘এভাবে বিদায় নিতে হওয়ায় অবশ্যই খারাপ লাগছে। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি।’
বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স নিয়ে পর্তুগিজ তারকা বলেন, ‘আমরা ভালোই খেলেছি, দলের পারফরম্যান্সও খারাপ ছিল না। অবশ্য আরও ভালো করা যেত। তবে স্পেন বিশ্বের অন্যতম সেরা দল। আমার বিশ্বাস, তারা ফাইনালে উঠবে। অথবা অন্তত তার খুব কাছাকাছি যাবে।’