ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

চাকরি ছাড়লেন ক্রোয়াট কোচ ডালিক 

চাকরি ছাড়লেন ক্রোয়াট কোচ ডালিক 
×

ক্রোয়েশিয়ার কোচ গ্লাটকো ডালিক। ছবি: বিবিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৮:৪৬

ক্রোয়েশিয়ার ডাগ আউটে দুর্দান্ত সময় কাটিয়েছেন গ্লাটকো ডালিক। দলকে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। কাতার বিশ্বকাপে তার দল তৃতীয় সেরা হয়েছে। তবে ২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা মতো সাফল্য পায়নি ক্রোয়েশিয়া। সোনালি প্রজন্মের শেষ ও নতুন প্রজন্মের শুরুর বিশ্বকাপে ক্রোয়াটরা শেষ ৩২ থেকে বিদায় নিয়েছে। 

দলের বিশ্বকাপ ব্যর্থতার পর ডালিক পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ইতি টেনেছেন জাতীয় দলের ডাগ আউটে ৯ বছরের যাত্রার। ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে বলেছে, ‘নয়টি দারুণ বছর কাটানোর পর ডালিক ক্রোয়েশিয়া জাতীয় দলের সঙ্গে তার পথচলা শেষ করার ঘোষণা দিয়েছেন।’ 

ক্রোয়াট ফুটবলকে অনন্য উচ্চতায় নেওয়ায় ডালিককে ধন্যবাদ দিয়েছে দেশটির ফেডারেশন, ‘হেড কোচ; দলের জয়, অর্জন, পদক, একতা, সম্মান এবং জাতীয় দলের প্রতি আপনার অসাধারণ প্রতিশ্রুতিসহ সকল কিছুর জন্য আপনাকে ধন্যবাদ।’ 

ক্রোয়েশিয়া এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ৪-২ গোলের হারে। নকআউট পর্বে আসা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল দলটি। শেষ পর্যন্ত নকআউট পর্বে জায়গা পেলেও পর্তুগালের বিপক্ষে শেষ সময়ে গোল হজম করে বিদায় নিতে হয়েছে। কোচ গ্লাটকো ডালিকের মতো লুকা মডরিচও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন।

আরও পড়ুন

×