ফ্রান্স যেমন এগোচ্ছে, আমরাও তেমন উন্নতি করেছি: মরক্কো কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৩:৪১ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১৩:৪২
২০২২ সালে কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। তবে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় তাদের। এবারও শেষ আটে জায়গা করে নেওয়ার পর অনেকেই তাদের প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন। তবে এসব প্রশংসায় ভেসে যেতে রাজি নন মরক্কোর কোচ মোহাম্মদ ওহাবি। তার মতে, বিশ্বকাপ এখনও শেষ হয়নি। তাই এখনই অর্জন মূল্যায়নের সময় নয়।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ওহাবি স্পষ্ট জানান, দলের লক্ষ্য শুধু ভালো খেলা নয়। বরং বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই তারা এগোচ্ছে।
ওহাবি বলেন, ‘টুর্নামেন্ট শেষ হলে আমরা সবকিছুর মূল্যায়ন করব। এখন কেউ যদি বলে, তোমরা অনেক ভালো করেছ, তাহলে আমরা সেটা শুনতে চাই না। কারণ, আমরা আরও ভালো করতে পারি।’
২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলেও এবার আর নিজেদের আন্ডারডগ মনে করছেন না ওহাবি। ফরাসিদের শক্তিমত্তা স্বীকার করলেও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন মরক্কো কোচ। তিনি বলেন, ‘ফ্রান্স অবশ্যই ফেভারিট। কিন্তু আমরা জয়ের জন্য মাঠে নামব এবং সেমিফাইনালে ওঠার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা বিশ্বাস করি না যে, এখানে ওঠাটাই আমাদের জন্য বোনাস। আমাদের কাছে বোনাস হলো বিশ্বকাপ জেতা। এই মানসিকতাই আমাদের এতদূর এনেছে। আমরা আরও এগিয়ে যেতে চাই।’
এবারের বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে ও ব্র্যাডলি বারকোলাকে নিয়ে দারুণ আক্রমণভাগ গড়ে তুলেছে ফ্রান্স। শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।
অন্যদিকে গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্সের পর নকআউটে নেদারল্যান্ডস ও কানাডাকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো। গ্রুপপর্ব ও নকআউট পর্বে দাপুটে জয়ের আত্মবিশ্বাস নিয়েই ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আফ্রিকার প্রতিনিধিরা।
তবে ওহাবির বিশ্বাস, কাগজে-কলমের শক্তি নয়; মাঠের পারফরম্যান্সই ম্যাচের পার্থক্য গড়ে দেবে। তিনি বলেন, ‘ফ্রান্স যেমন এগোচ্ছে, মরক্কো তেমন উন্নতি করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেন ম্যাচ শেষে আমাদের কোনো আফসোস না থাকে। নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে। এখন পর্যন্ত যা পেয়েছি, সেটা নিয়েই সন্তুষ্ট থাকার সুযোগ নেই।’
- বিষয় :
- মরক্কো
- ফ্রান্স
- ফুটবল বিশ্বকাপ-২০২৬