এমবাপ্পের গোলের আগে হ্যান্ডবল হয়েছিল, দাবি মরক্কোর কোচের
কিলিয়ান এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৩:৪০ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ১৫:১৮
একই মঞ্চ, একই প্রতিপক্ষ, একই ফলাফল। কাতার বিশ্বকাপের পর এবারও ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো। পার্থক্য কেবল একটাই। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া আফ্রিকার দেশটি এবার বিদায় থেকে কোয়ার্টার ফাইনাল থেকে।
ফ্রান্সের বিপক্ষে এই পরাজয় অবশ্য মেনে নিয়েছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওহাবি। তবে এমবাপ্পের গোলের আগে হ্যান্ডবল হয়েছে বলেও দাবি করেছেন এই কোচ।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে বোস্টনে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও মরক্কো। এদিন আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের শুরু থেকে অ্যাটলাস লায়ন্সদের চাপে রেখেছিল ফরাসিরা। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে ফ্রান্সকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ৬০ মিনিটে নিঁখুত শটে মরক্কোর জালে বল পাঠিয়ে দেন এই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
তবে মরক্কোর কোচের দাবি, এমবাপ্পের গোলের আগে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিওর হাতে বল লেগেছে। এ সময় মরক্কোর ফুটবলাররা হ্যান্ডবল আবেদন করলেও রেফারি তা আমলে নেননি। এর ঠিক কয়েক সেকেন্ড পরই এমবাপ্পে ম্যাচের প্রথম গোলটি করেন।
এ নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওহাবি বলেন, ‘হ্যান্ডবল হয়েছিল বলে কিছু খেলোয়াড় খেলা থামিয়ে দিয়েছিল। আর সেখানে নিশ্চিতভাবেই হ্যান্ডবল হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না সেটির বাঁশি বাজানো উচিত ছিল কি না। আমার কোনো ধারণা নেই...শেষ পর্যন্ত, এমবাপ্পের ব্যক্তিগত প্রচেষ্টা থেকে গোলটি হয়।’
তবে রেফারিং বিশ্লেষক হুয়ান গুজম্যানের মতে, মাঠের রেফারির সিদ্ধান্তই সঠিক ছিল। এর পেছনে দুটি কারণ উল্লেখ করেছেন তিনি। প্রথমত, হ্যান্ডবলটি অনিচ্ছাকৃত ছিল এবং গোলের সঙ্গে হ্যান্ডবলের কোনো সরাসরি সংযোগ ছিল না। দ্বিতীয়ত, বলের দখল ফ্রান্সের কাছে ছিল না।
এদিকে ফ্রান্সের কাছে হারলেও দলটির প্রশংসা করেছেন মরক্কো কোচ। তিনি বলেন, ‘তারা দল হিসেবে দুর্দান্ত। তাদের দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে। তারা আমাদের চেয়েও বেশি গোলের সুযোগ তৈরি করেছে। আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল, বলের দখলে থাকলেও আমরা সেটি সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। এই পরাজয় মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’
একইসঙ্গে শিষ্যদের প্রশংসা করে মরক্কো কোচ জানিয়েছেন, খেলোয়াড়রা মাঠে তাদের সর্বোচ্চটাই উজাড় করে দিয়েছে। ওহাবি বলেন, ‘আমি খেলোয়াড়দের মাথা উঁচু রাখতে বলেছি। কারণ আমরা আমাদের সবটুকু উজাড় করে দিয়েছি, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’