ফ্রান্স-স্পেন সেমিফাইনালের আগে ১ মিনিট নীরবতা, কারণ কী?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১০:৫০
২০২৬ বিশ্বকাপ এখন শেষ চারের উত্তেজনায়। আজ বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। তবে ডালাসে বল মাঠে গড়ানোর আগে স্টেডিয়ামে তৈরি হবে এক আবেগঘন পরিবেশ। দক্ষিণ ফ্রান্সের নাইস শহরের ভয়াবহ সন্ত্রাসী হামলার দশম বার্ষিকীতে নিহতদের স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্রান্সের অনুরোধে ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে।
২০১৬ সালের ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস ‘বাস্তিল ডে’ উদযাপনের সময় নাইস শহরে হাজারো মানুষ আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন। সে সময় এক হামলাকারী অস্ত্রবোঝাই ট্রাক জনতার ভিড়ের ওপর তুলে দিলে ৮৬ জন নিহত হন। আহত হন কয়েক শত মানুষ, যার মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা ছিল গুরুতর।
নাইস শহরের মেয়রের পক্ষ থেকে সেমিফাইনালের আগে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ জানানো হয়েছিল ফিফাকে। সেই অনুরোধে সাড়া দেওয়ায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট মাখোঁ।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ফ্রান্স এবং ফরাসি জনগণের অনুরোধে সাড়া দেওয়ার জন্য ফিফা সভাপতিকে ধন্যবাদ। আমরা সেই ভয়াবহ দিনটি কখনোই ভুলব না।’
নাইসের মেয়রও ফিফার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এই নীরবতা শুধু নিহতদের প্রতিই শ্রদ্ধা নয়, বরং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি বিশ্ব ফুটবল পরিবারের সংহতিরও প্রতীক।
- বিষয় :
- ফ্রান্স
- স্পেন
- বিশ্বকাপ ফুটবল