স্পেনের বিপক্ষে ফরাসি একাদশে রদবদলের আভাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১১:০৪
সেমিফাইনালের মহারণে মাঠে নামার ঠিক আগ মুহূর্তে বড় সুখবর পেল ফরাসি শিবির। চোট কাটিয়ে পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরেছেন দলের অন্যতম প্রধান মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। তার এই প্রত্যাবর্তনে স্পেনের বিপক্ষে শুরুর একাদশে বড় পরিবর্তনের ছক কষছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
সেমির মহারণের আগের দিন বিকেলে ডালাসে শেষ মুহূর্তের প্রস্তুতি সারে ব্লুজরা। যেখানে স্কোয়াডের ২৬ জন ফুটবলারের সবাই মাঠে উপস্থিত ছিলেন, যার মধ্যে প্রধান আকর্ষণ ছিলেন চুয়ামেনি। উরুর পেশির চোটের কারণে টুর্নামেন্টের সর্বশেষ দুটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল এই ফরাসি মিডফিল্ডারকে। তবে সোমবার গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা ১৫ মিনিটের অনুশীলনে তাকে সতীর্থদের সাথে পুরোদমে গা গরম ও কঠোর পরিশ্রম করতে দেখা গেছে।
প্রধান তারকা চুয়ামেনি একাদশে ফেরায় দিদিয়ের দেশমের রণকৌশলে পরিবর্তন আসা নিশ্চিত। সেমিফাইনালের এই অগ্নিপরীক্ষায় চুয়ামেনি যদি শুরু থেকেই মাঠে নামেন, তবে কপাল পুড়তে পারে ইসমাইল কোনের। গত দুই ম্যাচে চুয়ামেনির অনুপস্থিতিতে মাঝমাঠ সামলানো কোনেকে আজ সাইডবেঞ্চে বসতে হতে পারে।
আজকের হাই-ভোল্টেজ ম্যাচে জয়ী দলটি আগামীকাল হতে যাওয়া আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার বিজয়ীর বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।
স্পেনের বিপক্ষে ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশ: মাইক ম্যাগনান (গোলরক্ষক), জুলস কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে, অহেলিয়া চুয়ামেনি/ ইসমাইল কোনে, আদ্রিয়েন রাবিও, মাইকেল অলিস, উসমান দেম্বেলে, দেসিরে দুয়ে এবং কিলিয়ান এমবাপ্পে।
- বিষয় :
- স্পেন
- ফ্রান্স
- বিশ্বকাপ ফুটবল