‘ফাঁদে পা দেবে না ফ্রান্স’, ইয়ামালের মন্তব্যের জবাবে কোনাতে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১২:০১ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১২:১১
বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে কথার লড়াই জমিয়ে তুলেছে স্পেন ও ফ্রান্স। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্যের জবাব দিয়েছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তার স্পষ্ট বার্তা, ফ্রান্সের কাউকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। একইসঙ্গে বাইরের কথায় মনোযোগ না দিয়ে খেলার মাঠেই জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ইয়ামাল বলেন, ‘যদি কেউ ভয় পায়, তাহলে ফ্রান্সেরই পাওয়া উচিত। ইউরোতে আমরা তাদের হারিয়েছি।’ বার্সেলোনার এই উইঙ্গারের এমন মন্তব্য দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
তবে ফ্রান্স শিবিরে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন কোনাতে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, ম্যাচ নিয়ে বাইরে যা বলা হচ্ছে, সেদিকে আমাদের কোনো মনোযোগ নেই। কে কী বলছে, সেসব আমরা শুনছি না। আমাদের কাউকে ভয় পাওয়ারও কোনো কারণ নেই।’
তিনি আরও বলেন, ‘এই পর্যায়ে এসে সবচেয়ে জরুরি বিষয় হলো বিনয়ী থাকা। টুর্নামেন্টের শুরু থেকে যে নম্রতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেটাই ধরে রাখতে চাই। এই ধরনের কোনো কথার ফাঁদে আমরা পা দিতে চাই না। তারা যা খুশি বলতে পারে। আমরা ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি এবং আশা করি শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল আমাদের পক্ষে থাকবে।’
এ সময় ইয়ামালের প্রতিভার প্রশংসাও করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ডিফেন্ডার। তবে স্পেনকে মোকাবিলা করতে হলে শুধু একজন খেলোয়াড়কে আটকে রাখলেই হবে না বলে মনে করেন তিনি।
কোনাতে বলেন, ‘আমরা শুধু লামিনকে নিয়ে ভাবছি না। স্পেন দারুণ একটি দল। তাদের অনেক প্রতিভাবান ফুটবলার আছে। কেবল একজনকেই থামানোর পরিকল্পনা করলে হবে না। পুরো দলই আপনাকে সমস্যায় ফেলতে পারে।’
এদিকে টুর্নামেন্টের শুরু থেকে ফ্রান্সের দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে দলগত পারফরম্যান্সকেই বড় কারণ হিসেবে দেখছেন কোনাতে। তার ভাষায়, ‘এবার টুর্নামেন্টে আমরা আক্রমণভাগে অসাধারণ খেলছি। এটা স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে। পুরোটাই দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের শুরুর একাদশ থেকে বেঞ্চে থাকা খেলোয়াড়—সবাই অসাধারণ। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
তবে স্পেনের বিপক্ষে ফ্রান্সের সাম্প্রতিক স্মৃতি খুব সুখকর নয়। ২০২৪ ইউরো সেমিফাইনালের পর ২০২৫ সালে উয়েফা নেশনস লিগেও স্প্যানিশদের কাছে হারতে হয়েছিল লে ব্লুদের। এবার সেই হিসাব চুকানোর সুযোগ পাচ্ছে দিদিয়ের দেশমের দল।
১৫ জুলাই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের বিজয়ী দলই ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে।
- বিষয় :
- ফ্রান্স
- স্পেন
- সেমিফাইনাল
- ফুটবল বিশ্বকাপ-২০২৬