ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

‘স্পেন ফেভারিট, কিন্তু আমাদের হারানো সহজ হবে না’

‘স্পেন ফেভারিট, কিন্তু আমাদের হারানো সহজ হবে না’
×

ফরাসি কোচ দিদিয়ের দেশম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১২:১৬

আজ বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচের আগে স্পেনকে এগিয়ে রাখলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ফরাসি দলকে হারানো মোটেও সহজ হবে না।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি স্পেনই এই ম্যাচের ফেভারিট। আমি লুইস দে লা ফুয়েন্তের দলের ওপর বাড়তি চাপ দিতে চাই না, তবে সবাই এখন স্পেনের কাছ থেকে অনেক কিছু আশা করছে। তারা খুব ভালো রক্ষণ করে। গত ছয়-সাত ম্যাচে তারা মাত্র একটি গোল হজম করেছে।’

তিনি আরও বলেন, ‘এটা দুই আক্রমণাত্মক দলের লড়াই হতে যাচ্ছে। লুইস এবং আমি দুজনই জানি কীভাবে শক্তিশালী রক্ষণ গড়ে তুলতে হয়। তবে দুই দলের আক্রমণভাগের মান বিবেচনায় ম্যাচটি দর্শকদের জন্য উপভোগ্য হবে।’

এদিকে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ফ্রান্সের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। তবে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, তা স্পষ্ট করেননি দেশম। চুয়ামেনিকে নিয়ে তিনি বলেন, ‘সে আগের চেয়ে ভালো অনুভব করছে। তবে আমি বলব না যে সে শতভাগ ফিট। দুই সপ্তাহ আগে সে শেষ ম্যাচ খেলেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে আমাদের সঙ্গে আছে এবং ম্যাচের জন্য প্রস্তুত।’

ইয়ামালদের রুখতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দেশম বলেন, ‘আমরা স্পেনের খেলোয়াড়দের নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছি। লুইসও নিশ্চয়ই আমাদের নিয়ে একই কাজ করেছে। মাঠে প্রতিপক্ষের শক্তি সীমিত করার পরিকল্পনা আমাদের আছে। ওয়ান-টু-ওয়ান লড়াইয়ের জন্য আমাদের কাছে সমাধান রয়েছে। আর আমার খেলোয়াড়দের এভাবে মুখোমুখি পাওয়া অন্য দলের জন্য মোটেও সহজ কাজ নয়।’

আরও পড়ুন

×